ফাইনালের অনুষ্ঠানে পাকিস্তান প্রতিনিধির অনুপস্থিতিকাণ্ডে আইসিসির ব্যাখ্যা চায় পিসিবি
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ নিয়ে তিনটি পৃথক ঘটনায় আইসিসির ব্যাখ্যা চাইল পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি।
চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পাকিস্তানের কোনো প্রতিনিধি না রাখায় চটেছে পিসিবি। আইসিসির কাছে অভাবনীয় এই কাণ্ডের ব্যাখ্যা চেয়েছে তারা।
দুবাইয়ে রোববারের ফাইনালে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা পুনরুদ্ধার করে ভারত।
পুরস্কার বিতরণী মঞ্চে ছিলেন না টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানের কেউ। টুর্নামেন্ট পরিচালক ও পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমেদ পাকিস্তানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ফাইনালে। কিন্তু তাকে রাখা হয়নি মঞ্চে।
ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার জন- আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, সেক্রেটারি দেভাজিৎ সাইকিয়া ও নিউ জিল্যান্ড ক্রিকেটের পরিচালক রজার টুজ। দুই দলের খেলোয়াড়দের মেডেল তুলে দেন তারা। জয় শাহর হাত থেকে ট্রফি নেন ভারত অধিনায়ক রোহিত শার্মা।
ফাইনালের দুই দলের প্রতিনিধিদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে থাকা প্রথাগত কিছু নয়, যদি না ম্যাচে স্বাগতিক দল থাকে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলেছে, সাইকিয়ার উপস্থিতিতে বিস্মিত পিসিবি। কারণ, যেভাবেই হোক বিসিসিআই প্রতিনিধি হিসেবে বিনি মঞ্চে ছিলেন। তবে স্বাগতিকদের কোনো প্রতিনিধি না রাখায় মূলত সবচেয়ে বেশি ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মূলত পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মঞ্চে থাকার কথা ছিল। তবে পিসিবি জানিয়েছে, তিনি অসুস্থ ছিলেন এবং দুবাই যেতে পারেননি। তারা আশা করেছিলেন, পাকিস্তানের প্রতিনিধি হিসেবে সেখানে থাকবেন সুমাইর।
এই ভাবনার কথা আইসিসিকে জানায়নি পিসিবি। তারা মনে করে, মঞ্চে নাকভির বিকল্প ঠিক করার দায়িত্ব ছিল আইসিসির। পাকিস্তানের প্রতিনিধি রাখার পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ফাইনালের কোনো পর্যায়ে তারা যোগাযোগ না করায় ক্ষুব্ধ পিসিবি।
পিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত আইসিসির কোনো ব্যাখ্যা তারা পাননি।
ভারত সরকার তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি না দেওয়ায় হাইব্রিড মডেলে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত তাদের সব ম্যাচ খেলে দুবাইয়ে।
এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ঘটনায় আইসিসির ব্যাখ্যা চাইল পিসিবি।
প্রথম ঘটনায় ভারত ও বাংলাদেশের ম্যাচে অফিসিয়াল ব্রডকাস্টে লোগো থেকে বাদ দেওয়া হয় পাকিস্তানের নাম। পরেরটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ম্যাচ কিছু সময়ের জন্য বাজানো হয় ভারতের জাতীয় সঙ্গীত। দুই ঘটনাই ভুলবশত দাবি করে আইসিসি।
