সমতা ফেরানোর ম্যাচে মিরাজদের জরিমানা
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।
দুই ম্যাচেই বাংলাদেশের বোলিং ইনিংস শেষ করতে সময় লেগেছে চার ঘণ্টার বেশি। প্রথম ম্যাচে পার পেয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে এড়ানো গেল না। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর ম্যাচটিতে জরিমানা গুনচ্ছে হচ্ছে মেহেদী হাসান মিরাজদের।
গত সোমবারের ম্যাচটিতে মন্থর ওভার-রেটের কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলকে।
ম্যাচ চলার সময় টিভি পর্দায় দেখানো হয়েছিল, নির্ধারিত সময়ে বাংলাদেশ দলের ঘাটতি তিন ওভারের। তবে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের চূড়ান্ত সমীকরণে ঘাটতি দেখা যায় দুই ওভারের।
আইসিসি আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের প্রতি ওভারের জন্য তার ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়।
অধিনায়ক মিরাজ এই দায় ও ম্যাচ রেফারির রায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
তীব্র গরমের কারণে বাড়তি পানি পানের বিরতি নেওয়া এবং ম্যাচজুড়ে সাধারণ সময়ের চেয়ে বেশি তরল পান করায় এই সিরিজে দুই দলেরই ইনিংস শেষ করতে সময় বেশি লাগছে। ম্যাচ রেফারির সমীকরণে সব ধরনের বিরতি বিবেচনায় নেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হেরে যাওয়া বাংলাদেশ পরের ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায়।
