Published : 06 Feb 2025, 09:15 PM
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন প্রায় তিন বছর আগে। চলতি বিপিএলের মাঝে অন্য দুই সংস্করণকেও বিদায় জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটে তা ভবিষ্যতের পথচলা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে অবধারিতভাবেই। সমর্থকদের জন্য আশার কথা শুনিয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান জানালেন, আগামী বিপিএলেও দেখা যেতে পারে তাকে।
গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার পর থেকেই আলোচনায় তামিমের ভবিষ্যৎ। বেশ কয়েকবার তিনি বলেছেন ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেওয়ার কথা। ক্রিকেটার পরিচয়কে এখনই বিসর্জন দেওয়ার ইচ্ছা নেই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যানের।
কত দিন ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেবেন তামিম, সেই প্রশ্নও চলে আসছে প্রাসঙ্গিকভাবে। বিশেষ করে পরবর্তী বিপিএল আসবে প্রায় এক বছর পর। তত দিন তামিম ক্রিকেট মাঠে থাকবেন কিনা, সেটিই এখন বড় প্রশ্ন।
বিপিএলের ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে ফরচুন বরিশাল অধিনায়ক দুই শব্দে শুধু বললেন, ‘ইনশাল্লাহ… অবশ্যই।’
এই বিপিএলেই এক ম্যাচে টসের পর ধারাভাষ্যকার ড্যানি মরিসনের প্রশ্নে তামিম বলেছেন, দার ছেলে তাকে ঘরোয়া ক্রিকেটে আরও খেলতে দেখতে চান। তার নিজেরও চাওয়া তেমনই।
পরবর্তী বিপিএল আসার আগে অবশ্য ঘরোয়া ক্রিকেটের আরেক টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে দেখা যাবে তামিমকে। গত বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা বাঁহাতি ওপেনার এবার ঠিকানা বদলে নাম লিখিয়েছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
সব কিছু ঠিকঠাক থাকলে ঢাকা লিগের বেশিরভাগ ম্যাচেই মাঠে দেখা যাবে তামিমকে। এর বাইরে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লেজেন্ড নাইন্টি লিগেও খেলতে পারেন তামিম। ওই টুর্নামেন্টে বিগ বয়েজ স্কোয়াড দলে আছেন তিনি।
গত বিপিএলে সবচেয়ে বেশি রান করে টুর্নামেন্ট-সেরা হওয়া তামিম এবারের আসরে ততটা ভালো চেহারায় নেই। তার পরও বরিশালকে ফাইনালে তোলার পথে তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এখনও পর্যন্ত ১৩ ইনিংসে ৩৫.৯০ গড় ও ১২৩.৩৬ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৫৯ রান।
সার্বিকভাবে বিপিএলের সব আসর মিলিয়েও ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরে তামিম। টুর্নামেন্টের সবগুলো আসর খেলা তামিম ১১৬ ইনিংসে ২ সেঞ্চুরির সঙ্গে ৩১ ফিফটিতে করেছেন ৩ হাজার ৭৮১ রান। আর কেউ সাড়ে তিন হাজার রানও করতে পারেননি।