১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শার্দুলের ব্যাট দিয়ে লর্ডসের অনার্স বোর্ডে রোহিত

শার্দুল ঠাকুরের কাছ থেকে উপহার পাওয়া ব্যাট দিয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন রোহিত শার্মা।

শার্দুলের ব্যাট দিয়ে লর্ডসের অনার্স বোর্ডে রোহিত
শার্দুলের ব্যাট দিয়ে লর্ডসে সেঞ্চুরি রোহিতের। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 02:05 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

টিভি ধারাভাষ্যেই শার্দুল ঠাকুর বলেছিলেন, “ওটা আমার ব্যাট।” পরে তার কাছ থেকে বিস্তারিতও জানা গেল। ভারতের এই পেস বোলিং অলরাউন্ডারের কাছ থেকে উপহার পাওয়া ব্যাট দিয়েই লর্ডসে দুর্দান্ত সেঞ্চুরিটি করেছেন রোহিত শার্মা।

ফর্ম ও দলে জায়গা নিয়ে তুমুল আলোচনা আর অবসর নিয়ে গুঞ্জনের মধ্যেই রোববার ১১০ বলে ১৩৮ রানের ইনিংসটি খেলেন রোহিত। লর্ডসের ওয়ানডে অনার্স বোর্ডে প্রথমবার নাম ওঠে ভারতের কোনো ব্যাটসম্যানের।

ম্যাচ চলার সময় ধারাভাষ্যে শার্দুল মজা করে বলেন, “ওটা আমার ব্যাট। ধারাভাষ্যকক্ষে বসেই ভারতকে দারুণ শুরু এনে দিয়েছি আমি…।”

পরে ইন্ডিয়ান এক্সপ্রেস তার কাছ থেকে জেনে নিয়েছে ব্যাটের বিস্তারিত।

“আমি এসএস ব্যাটসের সঙ্গে চুক্তিবদ্ধ এবং যাতিন সারিন (কর্ণধার) অত্যন্ত সদয় হয়ে আমাকে কিছু চমৎকার ব্যাট পাঠিয়েছেন। রোহিত একবার আমার কাছে দুটো ব্যাট চেয়েছিল, কারণ ব্যাটগুলো তার খুব পছন্দ হয়েছিল।

আমরা সবাই তাকে ভালোবাসি এবং ক্রিকেট খেলায় সে আমাদের এত আনন্দময় মুহূর্ত উপহার দিয়েছে যে, তাকে ব্যাট না দেওয়ার প্রশ্নই ওঠে না। আমি সত্যিই খুব খুশি যে, সে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আমারই একটি ব্যাট ব্যবহার করে ঐতিহাসিক শতকটি করেছে।”

রোহিতের ওয়ানডে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি ছিল এটি। রান তাড়ায় সেঞ্চুরি হলো তার ১৮টি। যেখানে সাচিন টেন্ডুলকারকে (১৭) ছাড়িয়ে এখন তিনি দুইয়ে। রান তাড়ায় ২৯ সেঞ্চুরিতে সবার ধরাছোঁয়ার বাইরে ভিরাট কোহলি।