‘ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে না ধোনি’
কিপার হিসেবে পুরো ম্যাচে মাঠে থাকতে চান ভারত ও চেন্নাইয়ের সফলতম অধিনায়ক।
আইপিএলে মাহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনা যেন থামার নয়। সেখানে এবার নতুন রসদ যোগ করেছেন চেন্নাই সুপার কিংসের সাবেক ব্যাটসম্যান সুব্রামানিয়াম বাদ্রিনাথ। তার দাবি, ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে চান না ভারত ও চেন্নাইয়ের সফলতম অধিনায়ক।
ধোনির বয়স হয়ে গেছে ৪৫। স্বাভাবিকভাবেই, শরীর এখন আর আগের মতো সাড়া দিচ্ছে না। তার ফিটনেস এখন আলোচনার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন ধরেই চোটের সঙ্গে লড়ছেন এই কিপার-ব্যাটসম্যান।
২০২৩ সালে চেন্নাইকে রেকর্ড ষষ্ঠ আইপিএল শিরোপা জেতানোর পর হাঁটুতেও অস্ত্রোপচার করান ধোনি। পরের দুই মৌসুমে দলে সেভাবে অবদান রাখতে পারেননি তিনি। গত আইপিএলেও চেন্নাই দলের অংশ ছিলেন ধোনি। কিন্তু মৌসুম শুরুর আগ থেকেই একাধিক ফিটনেস সমস্যায় ভুগছিলেন তিনি। তাই আসরে খেলতে পারেননি একটি ম্যাচও।
অনেক দিন ধরেই আইপিএল থেকে ধোনির অবসর নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে খেলা ছাড়ার ঘোষণা এখনও দেননি তিনি। ফলে আগামী আইপিএলে তাকে দেখা যাবে কি না, সেটি নিয়ে আগ্রহ থাকছেই।
ধোনিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো নিয়েও আলোচনা চলছে অনেকদিন ধরে। গত আইপিএলের সময়ই যেমন, নিউ জিল্যান্ডের সাবেক ক্রিকেটার মিচেল ম্যাক্লেনেগান রান তাড়ায় ধোনিকে এই ভূমিকায় খেলানোর পরামর্শ দিয়েছিলেন।
নিজের ইউটিউব চ্যানেলে বাদ্রিনাথ বলেন, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নারাজ ধোনি। কিপার হিসেবে পুরো ম্যাচেই থাকতে চান মাঠে।
“সে (ধোনি) ব্যক্তিগতভাবে আমাকে বলেছে, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে না। সে নিজেকে ফুল-টাইম কিপার হিসেবে দেখে। আর এর মানে হলো, পুরো ২০ ওভার তাকে মাঠে থাকতে হবে। তাই সে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে না। তবে আমার মনে হয়, খেললে কৌশলগতভাবে সিএসকের উপকারই হবে।”
তবে ধোনির যে শারীরিক অবস্থা, সেটা বিবেচনায় তার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাটাই উপযুক্ত মনে করছেন চেন্নাইয়ের জার্সিতে ৯৫ ম্যাচে প্রায় দেড় হাজার রান করা বাদ্রিনাথ।
“তার শরীর দীর্ঘ সময় টানা খেলার ধকল নিতে পারে না, ফ্লেমিংও (চেন্নাইয়ের সাবেক কোচ) এমনটা বলেছেন। সে ১৬ ওভারের পরেই ব্যাট করতে নামবে এবং কিপিং করবে। যখন তার অংশগ্রহণ এতটাই কম, তখন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাই তার জন্য আদর্শ হতো।”
আইপিএলের ইতিহাসে রেকর্ড পাঁচটি করে শিরোপা জিতেছে চেন্নাই ও মুম্বাই ইন্ডিয়ান। চেন্নাই সবগুলো ট্রফিই ঘরে তোলে ধোনির নেতৃত্বে। এখন দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
