Published : 12 Mar 2026, 08:17 PM
১০০ ওভারের ম্যাচ শেষ ৪৬ ওভারেই। হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। দলের এমন ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না কামরান আকমাল। মোহাম্মাদ রিজওয়ান, সালমান আলি আগাদের কড়া সমালোচনা করে পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান বললেন, এত বাজে ক্রিকেট ক্লাব পর্যায়েও দেখেননি তিনি।
মিরপুরে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। আগে ব্যাটিং করে ৩০.৪ ওভার খেলে সফরকারীরা করতে পারে স্রেফ ১১৪ রান।
পাকিস্তানের ইনিংসে ফিফটি নেই একটিও। তাদের প্রথম সাত ব্যাটসম্যানের চারজনই যেতে পারেননি দুই অঙ্কে। অন্য তিনজনের মধ্যে সর্বোচ্চ ২৭ রান করেন অভিষিক্ত সাহিবজাদা ফারহান। দলটির রান একশ পার হয় ফাহিম আশরাফের ৩৭ রানের ইনিংসের সুবাদে।
পরে তানজিদ হাসানের ফিফটিতে ১৫.১ ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে এগিয়ে যায় সিরিজেও।
স্বদেশিদের এমন ভরাডুবি দেখে ভীষণ ক্ষুব্ধ কামরান। বিশ্বকাপের কোনো গা গরমের ম্যাচ মনে হয়েছে ৫৩ টেস্ট, ১৫৭ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যানের।
“মনে হচ্ছিল, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে কোনো ক্লাবের বিপক্ষে খেলছে আন্তর্জাতিক কোনো দল। আমি বাসিত ভাইকে ফোন করেছিলাম, আমরা কেমন ক্রিকেট খেলছি সেটা বর্ণনার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এমন ব্যাটিং ক্লাব ক্রিকেটেও দেখা যায় না। ক্লাবের ক্রিকেটাররাও এত খারাপ খেলে না।”
পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার কাজটি করেছেন নাহিদ রানা। আগুনে বোলিংয়ে এই পেসার স্রেফ ২৪ রান দিয়ে নেন পাঁচ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যা বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। এর আগে পাঁচ উইকেট ছিল কেবল মুস্তাফিজুর রহমানের (৫/৭৫)।
নাহিদের গতিময় বোলিংয়ে পাকিস্তানের অভিজ্ঞদের ব্যাটিংও দৃষ্টিকটু লেগেছে কামরানের।
“আমাদের সব ব্যাটারই ব্যাকফুটে খেলেছে। একজনও সামনে এসে খেলেনি। মোহাম্মাদ রিজওয়ান অভিজ্ঞ ক্রিকেটার, তার অন্তত বোঝা উচিত ছিল বেরিয়ে এসে তাকে সোজা ব্যাটে শট খেলতে হবে। কিন্তু সে দুবার কাট করতে গিয়ে আউট হয়েছে।”
পাকিস্তানের আরেক সাবেক ব্যাটসম্যান বাসিত আলি আঙুল তোলেন টিম ম্যানেজমেন্টের ওপর। তার মতে, কন্ডিশন সম্পর্কে না জেনেই দলকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
“প্রথমে ওই ব্যক্তিকে গুলি করা উচিত যে দলকে পাওয়ার প্লের ১০ ওভারে কমপক্ষে ৬০ রান করার নির্দেশনা দিয়েছে। সে জীবনে কখনো মাঠে ক্রিকেট খেলেনি…সে কি দেখেনি এখানকার কন্ডিশন কেমন? বাংলাদেশে এসে ভারতও হেরে গেছে, সে কি জানত না?”
সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে হবে শুক্রবার।