২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের আমির পিএসএলে খেলবেন বিদেশি হিসেবে!

আগামী পাকিস্তান সুপার লিগে বিদেশি ক্রিকেটার হিসেবে নিবন্ধিত হতে পারে মোহাম্মাদ আমিরের নাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 01:57 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পর বিভিন্ন লিগে নতুন সম্ভাবনার দুয়ার খুলে গেছে মোহাম্মাদ আমিরের জন্য। তবে জটিলতা তৈরি হয়ে গেছে নিজ দেশেই। শুরু হয়েছে তার পরিচয়ের টানাপোড়েন। পাকিস্তানি পেসার নিজেই আভাস দিয়েছেন, আগামী পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটার হিসেবে নাম নিবন্ধিত হতে পারে তার।

উইজডেনের ‘দা স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে আমির ইঙ্গিত দেন যে, তার নাগরিকত্বের অবস্থার পরিবর্তনের ফলে পিএসএলে তাকে আর স্থানীয় খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে না। 

গত জুনে আমিরের ব্রিটিশ নাগরিকত্ব নিশ্চিত হয়। পরে ব্রিটিশ হিসেবেই তাকে ভাইটালিটি ব্লাস্টে দলে নেয় নটিংহ্যামশায়ার। দা হান্ড্রেডে এখন ট্রেন্ট রকেটসের খেলছেন তিনি স্থানীয় ক্রিকেটার হিসেবে।

ব্রিটিশ পাসপোর্ট নিয়েই আগামী মৌসুমে তার আইপিএল খেলার সম্ভাবনাও নিয়েও জোর আলোচনা হয়েছে আগে। ব্রিটিশ নাগরিক হয়েই তিন মৌসুম আইপিএলে খেলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। 

এই নাগরিকত্ব পরিবর্তনের কারণে পিএসএলে আমিরকে খেলাতে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিকে অনুমোদিত বিদেশি ক্রিকেটারের কোটার মধ্যেই তাকে জায়গা দিতে হবে।

গত মৌসুমে পিএসএলে আমির খেলেছিলেন রাওয়ালপিন্ডিজে। নিলামে ৫ কোটি ৪০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল নতুন ফ্র্যাঞ্চাইজিটি। চুক্তিটি ছিল দুই বছরের। এখন বিদেশি ক্রিকেটার হয়ে যাওয়ায় সামনের মৌসুমে বেশ জটিলতাই তৈরি হবে বাঁহাতি এই পেসারকে ঘিরে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও প্রকাশ্যে স্পষ্ট করেনি যে, আমিরের শ্রেণিবিভাগ স্থানীয় থেকে বিদেশি করার পরও রাওয়ালপিন্ডিজ তাকে বর্তমান চুক্তি অনুযায়ী দলে রাখতে পারবে কি না। এটাও স্পষ্ট নয় যে, ফ্র্যাঞ্চাইজিটিকে তাকে ছেড়ে দিতে হবে, তার চুক্তি নিয়ে পুনরায় আলোচনা করতে হবে, নাকি মূল চুক্তিতে কোনো পরিবর্তন না এনেই তাকে বিদেশী ক্রিকেটারের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

পিএসএল ২০২৬-এর জন্য প্রবর্তিত নিয়ম অনুযায়ী, দলের মোট সদস্য সংখ্যার ওপর নির্ভর করে স্কোয়াডে পাঁচ থেকে সাতজন বিদেশি ক্রিকেটার রাখার অনুমতি ছিল। একাদশে সর্বনিম্ন তিনজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি থাকতে পারতেন। তাই আমিরের এই পরিবর্তন আগামী মৌসুমের জন্য রাওয়ালপিন্ডিজের ক্রিকেটার বাছাই এবং দল গঠনে প্রভাব ফেলতে পারে।