২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পের ধাক্কায় মিরপুরে খেলা বন্ধ কিছুক্ষণ

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের তৃতীয় দিন সকালে ভূমিকম্পের তীব্র ধাক্কায় থমকে থাকে খেলা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 11:56 AM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ওভারের তৃতীয় ডেলিভারি করার প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ। স্ট্রাইকে লর্কান টাকার। হঠাৎ কেঁপে উঠল গোটা স্টেডিয়াম। থমকে গেলেন ক্রিকেটাররা। পরস্পরের দিকে তাকাচ্ছিলেন তারা। ডাগআউটে থাকা ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের সদস্যরাও দাঁড়িয়ে গেলেন। বুঝে উঠতে সবারই হয়তো একটু সময় লাগল, এটি আসলে ভূমিকম্প।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়েম প্রেসবক্সে তখন চলছে ছুটোছুটি। প্রেসবক্সটি স্থায়ী স্থাপনা হলেও কিছুটা নড়বড়ে, ভিত খুব একটা শক্ত নয়। ভূমিকম্পের ধাক্কায় এটির অস্তিত্বে টান পড়ে গেল যেন। ভয়ঙ্কর ঝাঁকুনিতে কাঁপতে থাকল চেয়ার-টেবিলসহ পুরো স্থাপনা। চারপাশ থেকে ভসে আসছিল ঝনঝন শব্দ, যেন ভেঙে পড়বে এখনই। আতঙ্কিত সংবাদকর্মীরা ছুটে বেরিয়ে চেষ্টা করলেন সিড়ি দিয়ে নিচে নামতে।

পাশের ধারাভাষ্যকক্ষ থেকে শুরু করে অন্যান্য কক্ষ থেকেও ছুটে বেরোলেন অনেক।

মাঠে খেলাও তখন থমকে গেছে। ক্রিকেটাররা সবাই জড়ো হন একসঙ্গে। দুই দলের ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেন অনেকে। 

আয়ার‌ল্যান্ড ইনিংসের ৫৫.২ ওভার শেষের ঘটনা সেটি। সময় তখন শুক্রবার সকাল ১০টা ৩৮। খেলা বন্ধ থাকে তিন মিনিট। সবাই একটু ধাতস্থ হওয়ার পর আবার শুরু হয় খেলা।

পরে জানা যায়, শক্তিশালী ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে গোটা দেশকেই।