Published : 07 Jul 2026, 01:23 PM
ইংল্যান্ডে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের একাদশে ছিলেন না সাঞ্জু স্যামসন। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তার নাম নেই স্কোয়াডেই। ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে তাই বিতর্কের ঝড়, বিশ্বকাপ জয়ের নায়ককে বাদ দেওয়া হয়েছে নাকি বিশ্রাম?
এমনিতে দলের বাইরে থাকা স্যামসনের জন্য নতুন কিছু নয়। ক্যারিয়ারজুড়ে দলে আসা-যাওয়াও অনেক করতে হয়েছে তাকে। তবে এবারেরটি একটু ভিন্ন। খুব বেশি দিন হয়নি, ভারতকে তিনি বিশ্বকাপ জিতিয়েছেন!
তুমুল প্রতিভাবান হলেও স্যামসনের বড় সমস্যা ছিল ধারাবাহিকতা। গত ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম ম্যাচের পর একাদশে জায়গা হারান। তবে শেষ দিকে আবার সুযোগ পেয়ে জ্বলে ওঠেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে রূপ নেওয়া সুপার এইটের মাচে ৫০ বলে করেন অপরাজিত ৯৭। এরপর সেমি-ফাইনাল ও ফাইনালে ৪২ লে ৮৯ ও ৪৬ বলে ৮৯ করে বড় অবদান রাখেন ভারতের শিরোপা জয়ে। ম্যান অব দা টুর্নামেন্টও হন তিনিই।
বিশ্বকাপের পর ভারতের প্রথম সিরিজ ছিল সম্প্রতি আয়ারল্যান্ডে। সেখানে দুই ম্যাচে আউট হন তিনি ৫ ও ০ রানে। এরপর ইংল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে ফেরেন ১ রানে। ব্যস, আবার তিনি দলের বাইরে। দ্বিতীয় ম্যাচে তার জায়গায় সুযোগ পান বৈভাব সুরিয়াভানশি।
স্যামসনের ওই একাদশে বাইরে যাওয়াকে ‘বিশ্রামের’ মোড়ক দেওয়া হচ্ছিল। মূলত সুরিয়াভানশি খেলানোর জন্যই তার বাইরে যাওয়া, এমন আলোচনা ছিল। কিন্তু সামনের জিম্বাবুয়ে সফরে স্কোয়াডেই তার জায়গা না পাওয়া নতুন বিতর্ক উসকে দিয়েছে। মাত্র তিন ম্যাচের ব্যর্থতায় এমন অভিজ্ঞ ও পরীক্ষিত একজনকে ‘বাদ’ দেওয়ায় সমালোচনাও হচ্ছে অনেক।
জিম্বাবুয়ে সফরের জন্য ভারতের দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে স্যামসনকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। এতেও কৌতূহল জাগছে। ভারতীয় বোর্ডের নাম প্রকাশে এক কর্মকর্তার বরাতে টাইমস অব ইন্ডিয়া অবশ্য জানিয়েছে, এই ওপেনারকে বিশ্রামই দেওয়া হয়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে প্রকাশে ব্যাপারটি পরিষ্কার না করায় প্রশ্ন রয়েই যাচ্ছে।
সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ভারতীয় দলে অবশ্য আছেন স্যামসন। সেই দল ঘোষণা করা হয়েছে বেশ আগেই।
চলতি ইংল্যান্ড সফরের স্কোয়াড থেকে জিম্বাবুয়ে সফরের দলে নেই আরও ছয় ক্রিকেটার-আকসার প্যাটেল, প্রাসিধ কৃষ্ণা, হার্শিত রানা, আর্শদিপ সিং, ওয়াশিংটন সুন্দার ও রাভি বিষ্ণই। তাদের মধ্যে আকসার-আর্শদিপদের ক্ষেত্রে যেমন বলা যায় বিশ্রাম দেওয়া হয়েছে, তেমনি বিষ্ণই-হার্শিতরা বাদও পড়তে পারেন। সংবাদ বিজ্ঞপ্তিতে কারও ক্ষেত্রেই কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এত ক্রিকেটার বাইরে যাওয়ায় দলে ফিরেছেন ব্যাটসম্যান রিঙ্কু সিং ও ফাস্ট বোলার মায়াঙ্ক ইয়াদাভ। প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন প্রাভসিমরান সিং, ইয়াশ ঠাকুর, আশোক শার্মা ও হার্শ দুবে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষে ভারতের বিপক্ষে সিরিজটি খেলবে ভারত আগামী ২৩ জুলাই থেকে।
ভারতীয় দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), বৈভাব সুরিয়াভানশি, আভিশেক শার্মা, তিলাক ভার্মা, ইশান কিষান, শিভাম দুবে, সুরিয়ানশ শেগড়ে, রিঙ্কু সং, হার্শ দুবে, ভারুন চক্রবর্তি, প্রিন্স ইয়াদাভ, ইয়াশ ঠাকুর, আশোক শার্মা, মায়াঙ্ক ইয়াদাভ, প্রাভসিমরান সিং।