১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড গড়ে ১০ হাজারে স্মৃতি মান্ধানা

১০ হাজার রানের ক্লাবে তালিকার সবার ওপরে আছেন আরেক ভারতীয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগের তিন ম্যাচে বিশেষ কিছু করতে না পারার হতাশা মুছে এবার ঝড় তুললেন স্মৃতি মান্ধানা। খেললেন ৮০ রানের দারুণ ইনিংস। আর এই ইনিংসের পথে আন্তর্জাতিক পর্যায়ের নারী ক্রিকেটে চতুর্থ ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

থিরুভানান্থাপুরামে রোববার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে ৪৮ বলে চমৎকার ইনিংসটি খেলেন মান্ধানা, ১১টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। 

মেয়েদের ক্রিকেটে ভারতের দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের ক্লাবে ঢুকলেন মান্ধানা। তবে ইনিংসের হিসেবে তিনিই সবচেয়ে দ্রুত।

সব সংস্করণ মিলিয়ে ২৮১ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন মান্ধানা। 

১০ হাজার ৮৬৮ রান নিয়ে তালিকায় সবার পরে আছেন ভারতের সাবেক ক্রিকেটার মিতালি রাজ। দ্রুত এই মাইলফলক ছোঁয়ার আগের রেকর্ডও ছিল তার; ২৯১ ইনিংসে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

তার পরের দুটি স্থানে আছেন নিউ জিল্যান্ডের সুজি বেটস (১০ হাজার ৬৫২) ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১০ হাজার ২৭৩)।

১০ হাজারের ক্লাবে ঢুকতে এডওয়ার্ডসের লেগেছিল ৩০৮ ইনিংস আর বেটসের ৩১৪ ইনিংস।

এদিন খেলতে নামার আগে অসাধারণ এই মাইলফলক থেকে ২৭ রান দূরে ছিলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মান্ধানা। বাঁ-হাতি স্পিনার নিমাশা মিপাগের  বল লং অনে খেলে সিঙ্গল নিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছান তিনি।

চলতি বছরটা দুর্দান্ত কাটছে ভারতের সহ-অধিনায়ক মান্ধানার। গত মাসের শুরুতে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করে তারা। দেশের মাটিতে ওই আসরেই প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকা বর্ষে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। 

৫০ ওভারের সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেও বছর শেষ করছেন এক হাজার ৩৬২ রান নিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ এক হাজার ১৭৪ রান দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার লরা উলভার্টের।

এছাড়া এই বছরে পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি করেছেন মান্ধানা, দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার তানজিম ব্রিটস ও উলভার্টও করেছেন সমান পাঁচটি করে।  

আর চলতি সিরিজেই নারী ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চার হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মান্ধানা। সর্বোচ্চ চার হাজার ৭১৬ রান বেটসের।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিন ম্যাচে জিতেই পাঁচ টি-টোয়েন্টির সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।