২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিত না থাকলে বুমরাহও অধিনায়কত্বে ভালো করবেন, বিশ্বাস পন্টিংয়ের

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অধিনায়কত্ব করতে হলে এই ভূমিকাতেও সফল হবেন জাসপ্রিত বুমরাহ, মনে করেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2024, 08:41 PM

Updated : 26 Aug 2026, 10:53 AM

প্রায় ৮ বছরের ক্যারিয়ারে ভারতকে মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। তবে তাকে অধিনায়কত্বের জন্য প্রস্তুত মনে করেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার কিংবদন্তির মতে, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দায়িত্ব পেলে বোলিংয়ের পাশাপাশি দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও পারদর্শিতা দেখাবেন বুমরাহ। 

নিয়মিত অধিনায়ক রোহিত শার্মাকে নিয়েই সামনের অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছে ভারত। তবে পার্থে সিরিজের প্রথম ম্যাচে রোহিতের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত অভিজ্ঞ ওপেনার না খেললে অবধারিতভাবেই দায়িত্ব পাবেন সহ-অধিনায়ক বুমরাহ। 

এখন পর্যন্ত টেস্টে একবারই অধিনায়কত্ব করেছেন ৩০ বছর বয়সী পেসার। ২০২২ সালে বার্মিংহাম টেস্টে তার নেতৃত্বের অভিষেকের ম্যাচে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে ৭ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এরপর আয়ারল্যান্ডে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন তিনি। 

সব মিলিয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি না থাকলেও বুমরাহর ওপর আস্থা রাখছেন পন্টিং। আইসিসি রিভিউয়ে বর্তমান সময়ের সেরা পেসারদের একজনের নেতৃত্ব নিয়ে কথা বলতে গিয়ে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের উদাহরণ টানেন পন্টিং। 

“নেতৃত্ব সম্ভবত তার (কামিন্স) জন্য সবচেয়ে কঠিন বিষয়। আমার মতে, অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার পরেও কামিন্সের ব্যাপারে এই প্রশ্ন সবসময়ই ছিল। সে নিজে কতটা বোলিং করতে যাচ্ছে? সে কি নিজেকে বেশি বোলিং করিয়ে ফেলবে? সে কি নিজেকে দিয়ে যথেষ্ট বোলিং করাবে না?”

“তবে বুমরাহর মতো অভিজ্ঞতাসম্পন্ন একজন বুঝতে পারবে যে কখন তার বোলিং করা উচিৎ বা কখন একটা স্পেলে আসা উচিৎ।”

রোহিতকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভিরাট কোহলি, রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ঠিকই থাকবেন পার্থ টেস্টে। দায়িত্ব পেলে বুমরাহকে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শও দিলেন পন্টিং। 

“ভারতীয় দলে তার আশপাশে অনেক অভিজ্ঞরা আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে, আপনি অধিনায়ক হলেও এই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারেন। সঠিক সময়ে সঠিক প্রশ্নটা (তাদের) করতে পারেন। কারণ যত ক্রিকেটই খেলি না কেন, প্রতিবার আমরা সঠিক নাও হতে পারি।” 

দীর্ঘ দিন ধরেই ভারতের বোলিং আক্রমণের নেতা বুমরাহ। এর সঙ্গে অধিনায়কত্ব যোগ হলে বাড়তি চাপের বদলে বরং বুমরাহর জন্য সেরাটা দেওয়া আরও সহজ হবে মনে করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। 

“(বুমরাহর মতো) এই ধরনের ছেলেরা বাড়তি চাপ ও দায়িত্ব পেলে আরও ভালো করার চেষ্টা করে। এমনিতেও লাল বল হোক বা টি-টোয়েন্টি বা ওয়ানডে, লম্বা সময় ধরে সে-ই বোলিং আক্রমণের নেতা। সে-ই মূল ব্যক্তি।”