একাই ৮ উইকেট মাগুরার তানভিরের, ৭টিই বোল্ড
৭.২ ওভার বোলিং করে ৮ উইকেট নিয়েছে মাগুরা সরকারী স্কুলের নবম শ্রেণির ছাত্র এই পেসার।
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে এবার বেশ কিছু চমকপ্রদ বোলিং পারফরম্যান্স দেখা গেছে। তবে সবাইকে ছাড়িয়ে গেল তানভির আহমেদ। মাগুরা সরকারী স্কুলের এই পেসার একাই ৮ উইকেট নিয়ে ধসিয়ে দিল মাগুরা এ.জি. একাডেমিকে।
স্কুল ক্রিকেটের ম্যাচটিতে ৭.২ ওভার বোলিং করে ৩৪ রানে ৮ উইকেট শিকার করে তানভির। নবম শ্রেণির ছাত্রের বোলিংই এখনও পর্যন্ত এবারের স্কুল ক্রিকেটের সেরা বোলিং পারফরম্যান্স।
মাগুরা জেলা স্টেডিয়ামে শনিবার তানভিরের বোলিং তোপে ২৮.২ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় এ.জি. একাডেমি। সর্বোচ্চ ২৫ রান আসে আব্দুর রহিমের ব্যাট থেকে।
স্কোরকার্ড পুরোটাই বলা যায় তানভিরময়। তার ৮ উইকেটের ৭টিই বোল্ড! এক ব্যাটসম্যান কেবল আউট হয়েছে ক্যাচ দিয়ে।
দলের বাকি দুই উইকেটের একটি নিয়েছে ইমাম হাসান, আরেকটি রান আউট।
রান তাড়ায় মাগুরা সরকারী স্কুল ৫ উইকেটের জয় পায় ২১.১ ওভারে। ২৪ রানে অপরাজিত থাকে ইমাম হাসান।
এ দিনই আরেক ম্যাচে সাতক্ষীরা পুলিশ লাইন হাই স্কুলের বিপক্ষে ১১ চার ও ১৩ ছক্কায় ৪৯ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছে সাতক্ষীরা সরকারী স্কুলের ফাহিম হাসান অর্ক। ১৮৫ রান তাড়ায় তার দল জিতেছে ৭ উইকেটে।
