Published : 02 Sep 2026, 03:43 PM
নামিবিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ডেওয়াল্ড ব্রেভিসের। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। আর টেস্টে বল হাতে আলো ছড়িয়ে তিন বছর পর শীর্ষ পাঁচে ফিরেছেন অলি রবিনসন।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি।
নামিবিয়ার বিপক্ষে ৭৫ রানের ইনিংস দিয়ে সিরিজ শুরু করেন ব্রেভিস। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে করেন অপরাজিত ৭৫ ও ৪১ রান। এই পারফরম্যান্সে ছয় ধাপ এগিয়ে চতুর্থ স্থানে আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। তার আগের সেরা অবস্থান ছিল অষ্টম।
টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে উল্লেখ করার মতো আর তেমন কারো উন্নতি নেই। ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই শীর্ষস্থানে আছেন ভারতের ইশান কিষান। বোলারদের তালিকায় যথারীতি চূড়ায় আফগানিস্তানের রাশিদ খান। আর অলরাউন্ডারদের মধ্যে এক নম্বর জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম দুইটিতেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রবিনসন। সিরিজটি শুরুর পর থেকে র্যাঙ্কিংয়ে মোট ২২ ধাপ এগিয়েছেন তিনি।
লর্ডসে সফরকারীদের ১৯৪ রানে হারানোর পথে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন ইংলিশ পেসার। তাতে ছয় ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে আছেন তিনি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠেছিলেন রবিনসন। ওই বছরের জুলাইয়ের পর প্রথমবার শীর্ষ পাঁচে ঢুকলেন ডানহাতি এই বোলার।
তার সতীর্থ জশ টাং ক্যারিয়ার সেরা ত্রয়োদশ স্থানে জায়গা করে নিয়েছেন। লর্ডসে মোট পাঁচ উইকেট নিয়ে চার ধাপ এগিয়েছেন এই পেসার।
দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ ম্যাচে মোট নয় উইকেট নেওয়া পাকিস্তানের পেসার মোহাম্মাদ আব্বাসের উন্নতি ১০ ধাপ। আছেন যৌথভাবে তাইজুল ইসলামের সঙ্গে পঞ্চদশ স্থানে। দলটির আরেক পেসার মোহাম্মাদ আলি ১১ ধাপ এগিয়ে আছেন ৮১ নম্বরে।
ভারতের বিপক্ষে কলম্বো টেস্টের পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে একাদশ স্থানে আছেন শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। অগ্রগতি হয়েছে ভারতীয় স্পিনার মানাভ সুতার ও পেসার মোহাম্মাদ সিরাজেরও।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। জাসপ্রিত বুমরাহ তিনে নেমে যাওয়ায় দুইয়ে উঠেছেন নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি।
লর্ডসে ভালো করতে না পারলেও শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। জো রুট তিনে নেমে যাওয়ায় দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে ফলো-অনে পড়া লঙ্কানদের অবিশ্বাস্য ড্র এনে দেন সোনাল দিনুশা। দুই ইনিংসেই সেঞ্চুরি করা লঙ্কান ব্যাটসম্যান ২৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৫ নম্বরে আছেন।
তার সতীর্থ কামিন্দু মেন্ডিস দুই ধাপ এগিয়ে ঠিক দশম স্থানে আছেন। এছাড়া পাকিস্তানের সাউদ শাকিল (১৫ ধাপ এগিয়ে ১৮তম), ভারতের দেবদূত পাডিক্কাল (৫ ধাপ এগিয়ে ৫৪তম), ধ্রুভ জুরেলের (১৮ ধাপ এগিয়ে ৬৫তম) উন্নতি হয়েছে।
বড় লাফ দিয়েছেন পাসিন্দু সুরিয়াবান্দারা। দুই ইনিংসেই আশি ছোঁয়া ইনিংস খেলা লঙ্কান ব্যাটসম্যান ১৭০ ধাপ এগিয়ে ৭৪তম স্থানে আছেন।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ভারতের রাভিন্দ্রা জাদেজা।