২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্দান্ত বোলিংয়ে ভারতের লিড, শঙ্কা বুমরাহকে নিয়ে

সিডনি টেস্টের দ্বিতীয় দিনে মাঠ ছেড়ে যান অসাধারণ ফর্মে থাকা ফাস্ট বোলার, পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2025, 10:45 AM

Updated : 26 Aug 2026, 11:17 AM

ব্যাটিংয়ের ব্যর্থতা বোলিংয়ে দারুণভাবেই পুষিয়ে দিয়েছে ভারত। অস্ট্রেলিয়ান ব্যাটিং গুঁড়িয়ে সিডনি টেস্টের দ্বিতীয় দিনে তারা লিড নিয়েছে চার রানের। তবে এমন বোলিং পারফরম্যান্সের দিনে বড় একটা দুর্ভাবনাও সঙ্গী হয়েছে তাদের। জাসপ্রিত বুমরাহ ঠিকঠাক আছেন তো!

দ্বিতীয় দিনে প্রথম সেশনে দুই স্পেলে ছয় ওভার বোলিং করেন বুমরাহ। লাঞ্চের পর এক প্রান্তে বোলিং শুরু করেন তিনি, কিন্তু তার বলের গতি স্বাভাবিকের তুলনায় ছিল বেশ কম। ওই ওভারের পরই ভিরাট কোহলির সঙ্গে কথা বলে তিনি মাঠ ছেড়ে যান।

একটু পর তাকে দেখা যায়, অনুশীলনের পোশাকে মাঠ ছেড়ে যেতে। হাসপাতালে নেওয়া হয় তাকে। ধারণা করা হচ্ছে, স্ক্যান করার জন্য নেওয়া হয়েছে তাকে। তার চোট সংক্রান্ত কিছু নিয়ে আনুষ্ঠানিকভাবে অবশ্য এখনও পর্যন্ত জানানো হয়নি কোনো কিছুই। 

বুমরাহ শুধু ভারতীয় বোলিংয়ের সেরা অস্ত্রই নয়, এই টেস্টের অধিনায়কও। নিয়মিত অধিনায়ক রোহিত শার্মা সরে দাঁড়ানোয় এই ফাস্ট বোলারই নেতৃত্ব দিচ্ছিলেন দলকে। কিন্তু মাঠ ছেড়ে যেতে হলো তাকে। তার পরিবর্তে মাঠ পরিচালনা করেন কোহলি।

সিরিজজুড়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের ভোগান্তির কারণ হওয়া বুমরাহ মাঠ ছেড়ে গেলেও অবশ্য ভারতীয় বোলিং ভেঙে পড়েনি। বরং উজ্জীবিত পারফরম্যান্সে তারা আরও চেপে ধরে অস্ট্রেলিয়ানদের। 

বুমরাহ মাঠ ছাড়ার সময় অস্ট্রেলিয়ার রান ছিল ৩১ ওভারে ৫ উইকেটে ১১১। পরের ২০ ওভারে আর ৭০ রান যোগ হতে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দেন ভারতীয় বোলাররা। প্রথম ইনিংসে ১৮৫ রানের পুঁজি নিয়েও ৪ রানের লিড পায় ভারত।

অস্ট্রেলিয়ার ইনিংসের একমাত্র ফিফটি করেন বাউ ওয়েবস্টার। অভিষিক্ত অলরাউন্ডার ছয়ে নেমে খেলেন ৫৭ রানের ইনিংস। স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৩৩ রান। 

আকাশ দিপের চোটের কারণে সুযোগ পাওয়া প্রাসিধ কৃষ্ণা ছিলেন ভারতের সেরা বোলার। এক বছর পর টেস্ট খেলতে নামা ২৮ বছর বয়সী পেসার তিন উইকেট নেন ৩২ রানে। 

তিনটি শিকার ধরেন মোহাম্মদ সিরাজও, বুমরাহর প্রাপ্তি দুটি। বুমরাহ মাঠ ছেড়ে যাওয়ার পর বাড়তি দায়িত্ব ছিল নিতিশ কুমার রেড্ডির। সেই ভূমিকা দারুণভাবে পালন করে এই অলরাউন্ডার নেন দুটি উইকেট। 

দুই দলের প্রথম ইনিংসের ব্যবধান চার রানের। সিডনি টেস্ট এখন তাই কার্যত এক ইনিংসের লড়াই। বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখতে হলে ভারতকে জিততেই হবে। অস্ট্রেলিয়ার ড্র করলেও চলবে। তবে বৃষ্টির হানা ছাড়া এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এখন। জমজমাট এক লড়াইয়ের আশা তাই করাই যায়। সেখানে বড় প্রভাব থাকতে পারে বুমরাহর মাঠে ফেরা বা ফিরতে না পারার। 

মাঠ ছাড়ার আগে দারুণ এক রেকর্ড গড়ে ফেলেছেন বুমরাহ। চলতি সিরিজে তার উইকেট হয়েছে ৩২টি। অস্ট্রেলিয়ায় এক সিরিজে কোনো ভারতীয় বোলারের সর্বোচ্চ উইকেটের কীর্তি এটি। ১৯৭৭-৭৮ সিরিজে ৫ টেস্টে ৩১ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি বাঁহাতি স্পিনার বিষেন সিং বেদি। পেস বোলিংয়ে সর্বোাচ্চ উইকেট ছিল ১৯৯১-৯২ সিরিজে কাপিল দেবের।