Published : 28 Aug 2026, 03:56 AM
নানা অভিযোগে ইমরান খানকে দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখা নিয়ে দেশটির রাজনৈতিক মহলে যে বিতর্ক চলছে, এবার তাতে সরাসরি জড়িয়ে পড়ল দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে চলমান লর্ডস টেস্টের মাঝে স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়, আর এই বিষয়টি নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো ও দা গার্ডিয়ানসহ বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, বিষয়টি নিয়ে স্কাই স্পোর্টসে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পিসিবি।
ইমরানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের সাক্ষাৎকারটি নিয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও স্কাই ব্রডকাস্টার মাইকেল আথারটন। বৃহম্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতির সময় সাক্ষাৎকারটি প্রচার করা হয়। সেখানে তাদের বাবার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করেন সুলেইমান ও কাশিম।
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও পরবর্তীতে দেশটির রাজনীতিতে যোগ দেওয়া এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে শঙ্কিত দেশে ও দেশের বাইরের অনেকেই। উদ্বেগ জানিয়ে গত রোববার পাকিস্তান সরকারকে চিঠি লেখেন বিভিন্ন দেশের একদল সাবেক অধিনায়ক। ছয় মাসের ব্যবধানে যেটি ছিল তাদের দ্বিতীয় চিঠি। ওই ২১ অধিনায়কের মধ্যে একজন ছিলেন আথারটনও।
কেবল ওই চিঠিতে স্বাক্ষর করেই থামেননি আথারটন। ইমরানের বিষয়ে পাকিস্তান সরকারের পদক্ষেপকে কঠোর ভাষায় নিন্দা করে তিনি বলেন, “রাষ্ট্র যেন ইমরানের অস্তিত্ব প্রায় মুছে ফেলার চেষ্টা করছে।”
তথ্যের সূত্রের বরাত দিয়ে ক্রিকইনফো লিখেছে, সাক্ষাৎকারটি প্রচারের আগে স্কাইয়ের সঙ্গে যোগাযোগ করে পিসিবি এবং দাবি জানায় যেন অনুষ্ঠানটি প্রচার না করা হয়। ক্রিকেট সংস্থাটির পক্ষ থেকে নাকি এমনও হুমকি দেওয়া হয় যে, সাক্ষাৎকারটি প্রচার হলে লাঞ্চের পর তাদের খেলোয়াড়রা মাঠে নামবে না।
এই ঘটনায় সাক্ষাৎকারটি প্রচারে বেশ খানিকটা বিলম্ব হয়। পরে অবশ্য ঠিকই ১৮ মিনিটের সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
স্কাই স্পোর্টসের পক্ষ থেকে অবশ্য পিসিবির অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেটাররাও দ্বিতীয় সেশনে সময়মতো মাঠে নামে।
গত বুধবার সকালে লর্ডসের রাইটারস রুমে সাক্ষাৎকারটি নেন আথারটর এবং টেস্টের আগে এটি নিয়ে একটি টিজারও প্রচার করে স্কাই। পাকিস্তানে সিরিজটি প্রচার করছে পিটিভি, তবে স্বাভাবিকভাবেই তারা সাক্ষাৎকারটি প্রচার করেনি।
ইমরানের স্বাস্থ্য নিয়ে সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চলছে অনেক দিন ধরে। সাবেক প্রধানমন্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত না করা এবং তার ব্যক্তিগত চিকিৎসকদের তার কাছে যেতে না দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের জন্য সরকারকে অভিযুক্ত করে আসছে বিরোধী দল। সরকার এই অভিযোগগুলো বরাবরই অস্বীকার করেছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। এরপর ২০২৩ সালের অগাস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন তিনি এবং দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ভোগ করছেন, যে অভিযোগগুলো তিনি ও তার দল অস্বীকার করে আসছে।
পাকিস্তানের হয়ে ৮৮ টেস্ট ও ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান। তাকে মনে করা হয় সর্বকালের সেরা পেসারদের একজন, সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে তিনি অবিসংবাদিত।
১৯৯২ ওয়ানডে বিশ্বকাপে বিদায়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ইমরানের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান, যা এখনও ক্রিকেটের ইতিহাসে একটি রূপকথা হয়ে আছে।