Published : 23 Jul 2025, 11:58 PM
শুরুর কঠিন সময় পার করে প্রথম সেশন নির্বিঘ্নে কাটিয়ে ভারতকে ভালো শুরু এনে দিলেন লোকেশ রাহুল ও ইয়াশাসভি জয়সওয়াল। পরের সেশনে ইংল্যান্ড ঘুরে দাঁড়াল তিন উইকেট নিয়ে। ভারদ্বাজ সাই সুদার্শান ও রিশাভ পান্তের জুটি আবার যখন ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছিল, তখন বাজেভাবে চোট পেয়ে মাঠ ছাড়লেন পান্ত।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ওল্ড ট্র্যাফোর্ড টেস্টর প্রথম দিন বুধবার খেলা হয়েছে ৮৩ ওভার। ভারতের রান ৪ উইকেটে ২৬৪। কার্যত ৫ উইকেট বলা যায়।
পেসার ক্রিস ওকসকে রিভার্স সুইপ করার চেষ্টায় ব্যর্থ পান্তের বুটে আঘাত করে ইয়র্কার ডেলিভারি। এক পায়ে ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি, এমনকি দাঁড়াতেও পারছিলেন না ঠিকমতো। টিভিতে দেখা যায়, তার ডান পায়ের পাতায় একটা জায়গায় ফুলে গেছে। সেখান থেকে রক্ত ঝরতেও দেখা যায়। গলফ কার্টে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। তখন ৪৮ বলে ৩৭ রানে খেলছিলেন এই কিপার-ব্যাটসম্যান।
প্রথম দিন ফিফটির দেখা পেয়েছেন ভারতের দুজন। ১০৭ বলে ৫৮ রান করেছেন জয়সওয়াল। ভুলে যাওয়ার মতো টেস্ট অভিষেকের পর একাদশে ফিরে প্রথম ফিফটিতে ১৫১ বলে ৬১ রান করেছেন সুদার্শান।
এই সিরিজের আগের ম্যাচগুলোর উইকেটের মতো নয় ওল্ড ট্র্যাফোর্ডের উইকেট। এই উইকেটে পেস ও বাউন্স আছে কিছুটা। পেসারদের জন্য যথেষ্ট মুভমেন্টও মিলেছে শুরুতে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করেন রাহুল ও জয়সওয়াল। নতুন বলে আট ওভারের প্রথম স্পেলে তাদের বেশ ভালো পরীক্ষা নেন ওকস। তবে সাফল্য পায়নি ইংল্যান্ড।
প্রথম ঘন্টায় ১৪ ওভারে আসে ৪২ রান, প্রথম সেশনে ২৬ ওভারে ৭৮।
দ্বিতীয় সেশনে রাহুলকে ফিরিয়ে ৯৪ রানের শুরুর জুটি ভাঙেন ওকস। অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দেন ৩৩ বছর বয়সী ওপেনার (৯৮ বলে ৪৬)।
এই ইনিংসের পথে দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রাহুল। প্রথম জন সুনিল গাভাস্কার।
জয়সওয়াল ফিফটিতে পা রাখেন ৯৬ বলে। এরপর বেশিদূর যেতে পারেননি বাঁহাতি ওপেনার। আট বছর পর টেস্ট খেলতে নেমে নিজের সপ্তম বলে জয়সওয়ালকে ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন।
সুদার্শান আউট হতে পারতেন ২০ রানে, কিন্তু বেন স্টোকসের বলে ক্যাচ ফেলেন কিপার জেমি স্মিথ। স্টোকস পরের ওভারেই ভারত অধিনায়ক শুবমান গিলকে এলবিডব্লিউ করেন ১২ রানে।
একসময় বিনা উইকেটে ৯৪ থেকে ভারতের স্কোর তখন ৩ উইকেটে ১৪০।
সেখান থেকে দলের স্কোর দুইশ পার করেন পান্ত ও সুদার্শান। এ দিন ১৯ রানে পৌঁছে প্রথম সফরকারী কিপার-ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেন পান্ত। কিন্তু চোট পেয়ে ৩৭ রানে থামতে হয় তাকে। চতুর্থ উইকেট জুটির রান ৭২।
পান্ত মাঠ ছাড়ার একটু পর সুদার্শান ফিফটি পূর্ণ করেন ১৩৪ বলে। কিন্তু ইনিংস টেনে নিতে পারেননি তিনি। স্টোকসের শর্ট বল পুল করে ক্যাচ দিয়ে বিদায় নেন বাঁহাতি ব্যাটসম্যান।
আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার সময় রাভিন্দ্রা জাদেজা ও শার্দুল ঠাকুর অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দুজনই ১৯ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৬৪/৪ (জয়সওয়াল ৫৮, রাহুল ৪৬, সুদার্শান ৬১, পান্ত ৩৭ রিটায়ার্ড হার্ট, জাদেজা ১৯*, শার্দুল ১৯*; ওকস ১৭-৪-৪৩-১, আর্চার ১৬-২-৪৪-০, কার্স ১৬-১-৬০-০, স্টোকস ১৪-২-৪৭-২, ডসন ১৫-১-৪৫-১, রুট ৫-০-১৯-০)