১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ওভারে ৩৪ রান নিয়ে ‘প্রথম’ সেঞ্চুরি হার্দিক পান্ডিয়ার

ব্যক্তিগত ৬৬ রান থেকে স্রেফ ছয় বলেই শতকে পা রাখেন ভারতীয় এই ক্রিকেটার।

ওভারে ৩৪ রান নিয়ে ‘প্রথম’ সেঞ্চুরি হার্দিক পান্ডিয়ার
বারোদার জার্সিতে হার্দিক পান্ডিয়া। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 05:47 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

দল ৭১ রানে হারিয়ে ফেলেছে ৫ উইকেট। এমন বিপর্যয়ে ক্রিজে গিয়ে হাল ধরলেন হার্দিক পান্ডিয়া। শুরুতে দেখেশুনে খেলে ফিফটি ছোঁয়ার পর, বিধ্বংসী রূপ ধারণ করলেন তিনি। এক ওভারে ৩৪ রান নিয়ে উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি।

ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে শনিবার বিদার্ভার বিপক্ষে ১৩৩ রান করেন পান্ডিয়া। ৯২ বলের ইনিংসটি ১১ ছক্কা ও ৮টি চারে সাজান বারোদার ক্রিকেটার।

২০১৪ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে পথচলা শুরু করা পান্ডিয়া এই সংস্করণে প্রথমবার পেলেন সেঞ্চুরির স্বাদ। পেশাদার ক্রিকেট ক্যারিয়ারেই আর কেবল একটি শতক আছে তার। ২০১৭ সালে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৮ রান করেছিলেন তিনি। 

রাজকোটে এদিন যখন ক্রিজে যান পান্ডিয়া, অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় তখন কাঁপছে দল। ভাই ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়ে দলকে পথে ফেরান তিনি। এই জুটিতে ৪২ রানই আসে তার ব্যাট থেকে।

৩১তম ওভারে অধিনায়ক ক্রুনাল ২৩ রান করে বিদায় নিলে হার্দিককে সঙ্গ দেন বিষ্ণু সোলাঙ্কি। ১৭ বলে ২৬ রান করে সোলাঙ্কিও ফিরলে ভাঙে ৪৫ রানের জুটি।

সোলাঙ্কির বিদায়ের পরই ডানা মেলে দেন পান্ডিয়া। ৩৯তম ওভারে বাঁহাতি স্পিনার পার্থের ওপরে রীতিমত তাণ্ডব চালান তিনি। ওভারের প্রথম পাঁচ বলই ছক্কায় ওড়ান পান্ডিয়া। শেষ ডেলিভারিতে মারেন চার।

ওই ওভার শুরুর সময় পান্ডিয়ার রান ছিল ৬২ বলে ৬৬। সেখান থেকে স্রেফ ৬ বলেই কাঙ্ক্ষিত তিন অঙ্কের ঠিকানায় পা রাখেন ৩২ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার।

৬৮ বলে সেঞ্চুরি করে পরে কিছুটা মন্থর ব্যাটিং করেন পান্ডিয়া। পরের ২৪ বলে তিনি করতে পারেন কেবল ৩৩ রান। ৪৬তম ওভারে বিদায় নেন ডানহাতি ব্যাটসম্যান।

বারোদার হয়ে এদিন ফিফটিও ছুঁতে পারেননি আর কেউ। পান্ডিয়ার নৈপুণ্যে ২৯৩ রানের সংগ্রহ গড়ে দলটি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের দলে পান্ডিয়াকে রাখা হবে না, এমন খবর ঘুরছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে। শনিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটির জন্য দল দেওয়ার কথা ভারতের। আর এদিনই ঝড়ো সেঞ্চুরি করলেন পান্ডিয়া।

আগামী ১১ জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ ১৪ ও ১৮ জানুয়ারি।