বোর্ডারের ৩৯ বছর পর পিক
প্রায় চার দশক পর ওয়ানডেতে হিট উইকেট আউট হলেন অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার।
বাঁহাতি পেসার নিউম্যান ন্যায়ামুরির শর্ট অব লেংথ বলটি আলতো করে সামনের দিকে খেললেন অলিভার পিক। কিন্তু তিনি ক্রিজের এতটাই গভীরে চলে গেলেন যে, তার পেছনের পা স্টাম্পে লেগে পড়ে গেল বেলস! খুবই দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফিরতে হলো অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। ফিরল প্রায় চার দশক পুরনো এক স্মৃতি।
হারারেতে মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে এভাবে আউট হন পিক। ক্রিকেটের পরিভাষায় যেটিকে বলা হয় হিট উইকেট।
১৯৮৭ সালের পর ওয়ানডেতে এই প্রথম এমন অভিজ্ঞতা হলো অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের। সেবার সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এভাবে আউট হয়েছিলেন তখনকার অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালান বোর্ডার।
এই সংস্করণে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের হিট উইকেট হওয়ার ঘটনা আছে সব মিলিয়ে ছয়টি। এর মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে দুইবার এই অভিজ্ঞতা হয়েছে বোর্ডারের। তার অন্যটি ১৯৮৫ সালে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে একটি করে চার ও ছক্কায় ৪০ বলে ৩০ রান করেন পিক।
