২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিকে মন্থর ওভার রেটের নিয়ম পুনর্বিবেচনা করার আহ্বান স্টোকসের

ভিন্ন মহাদেশে এই নিয়মে পার্থক্য থাকা উচিত বলে মনে করছেন ইংলিশ অধিনায়ক।

আইসিসিকে মন্থর ওভার রেটের নিয়ম পুনর্বিবেচনা করার আহ্বান স্টোকসের
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরের মতো এবারও মন্থর ওভার রেটের শাস্তি পিছু নিয়েছে ইংল্যান্ডের। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টের পর পয়েন্ট কাটা গেছে তাদের। এতে স্বাভাবিকভাবেই হতাশ ইংলিশরা। দলটির অধিনায়ক বেন স্টোকস মন্থর ওভার রেটের নিয়ম পুনর্বিবেচনা করার জন‍্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন।

রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে ভারতকে ২২ রানে হারায় ইংল্যান্ড। ম্যাচ জিতেও পূর্ণ পয়েন্ট পাওয়া হয়নি তাদের। আইসিসি জানায়, ম্যাচে নির্ধারিত সময়ে ২ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাই নিয়ম অনুযায়ী, ২ পয়েন্ট কেটে নেওয়া হয় স্টোকসদের।

পাশাপাশি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও গুনতে হয় ইংলিশ ক্রিকেটারদের।

পয়েন্ট কাটা যাওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড। তাদের ঝুলিতে এখন ২২ পয়েন্ট (৬১.১১ শতাংশ)। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরেও মন্থর ওভাররেট ছিল ইংল্যান্ডের মাথা ব্যথার বড় কারণ। সেবার অ্যাশেজ সিরিজে চার ম্যাচে ১৯ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৩ পয়েন্ট কাটা যায়। যে কারণে ফাইনাল খেলার সম্ভাব্য সুযোগ হারায় দলটি।

মন্থর ওভার রেটের কারণে পয়েন্ট হারানো নিয়ে ইংলিশ ক্রিকেটে চলছে আলোচনা-সমালোচনা। চলমান বিতর্কের মাত্রা আরেকটু বাড়িয়ে দিলেন স্টোকস। ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট শুরুর আগের দিন মঙ্গলবার সাংবাদিকদের বললেন, মহাদেশ ভেদে নিয়মে পার্থক্য আনা উচিত আইসিসির।

“ওভার রেট নিয়ে আমি চিন্তিত নই, তবে এর মানে এটা নয় আমি ইচ্ছাকৃতভাবে খেলা মন্থর করছি। এটা নিয়ে হতাশা বুঝতে পারছি, তবে আমি সত্যিই মনে করি এই নিয়মের কাঠামো গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন। একই নিয়ম এশিয়ার জন্য থাকতে পারে না, যেখানে ৭০ শতাংশ ওভার স্পিনাররা করে। সেই নিয়মই আবার নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড মাটিতে খেলা হলে প্রযোজ্য নয়, যেখানে ৭০ থেকে ৮০ শতাংশ ওভার পেসাররা করে।”

“কারণ একজন পেসারের ওভারের চেয়ে একজন স্পিনারের ওভারে সময় কম লাগে। তাই সাধারণ জ্ঞানে, বিভিন্ন মহাদেশে ওভার রেটের সময় নির্ধারণের প্রক্রিয়া কীভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে ভাবা উচিত।”

লর্ডসে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। দুই দলের চতুর্থ টেস্ট শুরু বুধবার।