২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটে-বলে ঘাম ঝরিয়ে সাকিব বললেন, ‘আমি প্রস্তুত’

পাকিস্তান সুপার লিগের ম্যাচ দিয়ে প্রায় ছয় মাস পর ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।

ব্যাটে-বলে ঘাম ঝরিয়ে সাকিব বললেন, ‘আমি প্রস্তুত’
লাহোর কালান্দার্সের অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: লাহোর কালান্দার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 05:59 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

হোটেল রুম থেকে বেরিয়ে কিটব্যাগ টানতে টানতে টিম বাসের দিকে এগিয়ে গেলেন সাকিব আল হাসান। চোখে একটু ঘুমের ছোঁয়া, মুখে ক্লান্তির ছাপ। তবে কণ্ঠে রোমাঞ্চ। অনেক দিন পর যে অনুশীলনে যাচ্ছেন কোনো ম্যাচকে সামনে রেখে! লাহোর কালান্দার্সের ভিডিও ক্লিপে এভাবেই দেখা গেল সাকিবকে। পরে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ঘাম ঝরিয়ে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার বললেন, মাঠে ফেরার জন্য তিনি তৈরি।

সব ঠিকঠাক থাকলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে প্রায় ছয় মাস পর সাকিব ক্রিকেটে ফিরছেন রোববার। বাংলাদেশ সময় রাত ৯টায় রাওয়ালপিন্ডিতে এই অলরাউন্ডার খেলবেন নিজের পুরোনো দল পেশাওয়ার জালমির হয়ে।

পিএসএল খেলার জন্য পাকিস্তানে পৌঁছে ম্যাচের আগে স্রেফ একটি ট্রেনিং সেশনই পেয়েছেন সাকিব। টিম হোটেল থেকে বেরিয়ে মাঠে পৌঁছে অনুশীলনের শেষ পর্যন্ত তাকে অনুসরণ করে লাহোর কালান্দার্সের ক্যামেরা।

পিএসএলে এই নিয়ে তৃতীয়বার খেলছেন সাকিব। জাতীয় দলের হয়ে ও নানা সময়ে গিয়েছেন কয়েক দফায়। হোটেল থেকে বেরোনোর সময় ঘুম ঘুম চোখে বললেন, এই দেশে খেলতে ভালো লাগে তার। 

“পাকিস্তানে যতবার খেলতে এসেছি, সবসময় উপভোগ করেছি। ক্রিকেটের দিক থেকে আমার জন্য ভালো জায়গা এটি। পাকিস্তানে ফিরতে পেরে খুবই ভালো লাগছে।”

সবশেষ গত ৩০ নভেম্বর আবু ধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন সাকিব। স্বীকৃত ক্রিকেটে সবশেষ খেলেছেন সেপ্টেম্বরের শেষে ভারত সফরে বাংলাদেশের হয়ে টেস্টে। ভিডিওতে দেখে মনে হয়েছে, তার ওজন বেড়েছে কিছুটা। 

লাহোর কালান্দার্সের ভিডিও ক্লিপে দেখা যায়, মাঠে গিয়ে শারীরিক কসরত করছেন সাকিব, গা গরমের ফুটবল খেলছেন দলের সঙ্গে। ফিল্ডিং অনুশীলন করেন কিছুক্ষণ। এরপর ঝালিয়ে নেন বোলিং। 

প্রায় ছয় মাস পর ম্যাচ খেলতে নামবেন সাকিব। ছবি: লাহোর কালান্দার্স।

প্রায় ছয় মাস পর ম্যাচ খেলতে নামবেন সাকিব

গত কয়েক মাসে মাঠের বাইরে থাকার সময়টায় ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে বোলিংয়ে নিষিদ্ধ ছিলেন। পরে অ্যাকশন শুধরে ফিরেছেন। দীর্ঘদিন পর ম্যাচ খেলার আগে বোলিং অনুশীলনে তার চাওয়া ছিল বোলিংয়ের সুরটা আবার ধরতে পারা।

“কয়েক ওভার বোলিং করতে চেয়েছিলাম, ছন্দ ফিরে পেতে। যা চেয়েছিলাম, তা করতে পেরেছি বলেই মনে হয়। বেশ অনেকটা সময় পর ম্যাচ খেলতে নামব, কিছুটা মরচে তো আছেই। এজন্যই নিশ্চিত করতে চেয়েছিলাম কালকের ম্যাচের জন্য যেন প্রস্তুত হতে পারি।”

পরে ব্যাট হাতে সময় কাটান নেটে। ব্যাটিং সেশন শেষে ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ম্যাচের জন্য নিজেকে তৈরি মনে হচ্ছে তার। 

“ভালো লাগছে। স্রেফ একটি সেশন অবশ্যই খুব আদর্শ কিছু নয়। তবে এই ট্রেনিং সেশন থেকেই যতটা সম্ভব সেরাটা আদায় করে নিতে হবে।”

“আমার মনে হয়, দিনটা আমার জন্য খুব ভালো ছিল। খুব ভালো ঘুম হয়েছে, যেটা জরুরী ছিল। এরপর কিছুটা রিকভারি করে এখানে (মাঠে) ব্যাট-বল-ফিল্ডিংয়ে ভালো সেশন হলো। মনে হচ্ছে আমি প্রস্তুত।”

পিএসএলের নিলামে এবার দল না পেলেও টুর্নামেন্টটি স্থগিত হওয়ার পর পুনরায় শুরুর পালায় সুযোগ পান সাকিব। 

আট বছর পর এবার পিএসএলে খেলবেন তিনি। আগে দুবার খুব সুখকর ছিল না তার অভিজ্ঞতা। ২০১৬ আসরে করাচি কিংসের হয়ে ৮ ইনিংসে ১৮ গড়ে রান করেছিলেন ১২৬, ওভারপ্রতি ৭.৯৫ রান দিয়ে উইকেট নিতে পেরেছিলেন ৩টি। ২০১৭ আসরে পেশাওয়ার জালমির হয়ে ৫ ইনিংসে ৫৫ রান করেন ১৩.৭৫ গড়ে, ৫টি উইকেট শিকার করেন ওভারপ্রতি ৭.২৬ রান দিয়ে।