Published : 14 Mar 2026, 09:22 AM
ঘটনার কেন্দ্রীয় চরিত্রে সালমান আলি আগা ও মেহেদী হাসান মিরাজ। পার্শ্বচরিত্র যারা ছিলেন, তাদের মধ্যে আলাদা করে নজর কাড়েন লিটন কুমার দাস। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটসম্যান ম্যাচ শেষে বলছেন, সালমানের রান আউটে তিনি খেলাধুলার চেতনার বিরোধী কিছু দেখতে পাচ্ছেন না।
ক্রিকেটের আইন আর ক্রিকেটের চেতনার মধ্যে চিরায়ত যে দ্বন্দ্ব আর সূক্ষ্ম যে লাইন, সেটিই আবার আলোচনায় উঠে এসেছে সালমানকে রান আউট করার এই ঘটনায়।
বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার রান আউটের ওই ঘটনার পর মাঠের ভেতর কিছুটা অপ্রীতিকর অবস্থার তৈরি হয়। রান আউট করেছেন যিনি, সেই মিরাজসহ বেশ কজন ক্রিকেটারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সালমানের।
আউট হয়ে যখন ড্রেসিং রুমে ফিরছিলেন সালমান, তখনও কিছু বলতে দেখা যায় তাকে। লিটনকে তখন দেখা যায় অনেকটা তেড়ে যাওয়ার ভঙ্গিতে সালমানের দিকে এগিয়ে যেতে। তাকে তখন থামান উইকেটে থাকা আরেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ান।
সালমানের ওই রান আউট নিয়ে বিতর্ক আর আলোচনার স্রোত বইছে। ম্যাচের পর তিনি নিজে বলেন, আইন অনুযায়ী এটি আউট হলেও এখানে খেলাধুলার চেতনা অনুসরণ করা হয়নি। যে কোনো পরিস্থিতিতেই স্পোর্টসম্যান স্পিরিট তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
তবে টি-স্পোর্টসে লিটন বললেন, এখানে চেতনা ভঙ্গের মতো কিছু হয়নি তাদের চোখে।
“প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। আন্তর্জাতিক ম্যাচ…। যেহেতু আইনে আছে আউট… আমি তো এখানে কোনো অ্যাঙ্গল থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু…।”
“তবে যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট… তো আউট..।”
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমানকে জিজ্ঞেস করা হয়েছিল লিটনের সঙ্গে কথোপকথন নিয়ে। তবে তিনি দাবি করেন, কথাগুলি তিনি ভুলে গেছেন।
“মনে করতে পারছি না, লিটনকে কী বলেছিলাম। এটাও মনে নেই, সে কী বলছিল। নিশ্চিতভাবেই ভালো কিছু বলিনি, সেও অবশ্য ভালো কিছু বলেনি। তবে এটা স্রেফ ‘হিট অব দা মোমেন্ট’ ছিল, আমরা ঠিক আছি এখন।”