২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১২ রান তাড়ায় ৮ রানে ৫ উইকেট!

শেষ পর্যন্ত যদিও অভাবনীয় কিছু হয়নি।

১২ রান তাড়ায় ৮ রানে ৫ উইকেট!
শঙ্কা উড়িয়ে জয়ের হাসি মনিপুরের। ছবি: মনিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 08:11 PM

Updated : 26 Aug 2026, 05:42 PM

ছোট রান তাড়ায় কী শঙ্কায়ই না পড়ে গিয়েছিল মনিপুর। ১২ রানের লক্ষ্যে তারা ৮ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট! শেষ পর্যন্ত যদিও অভাবনীয় কিছু হয়নি। আর কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জির ট্রফির প্লেট গ্রুপের ম্যাচের ঘটনা এটি। গুজরাটের লাল বাহাদুর শাস্ত্রি স্টেডিয়ামে প্রথম ইনিংসে মনিপুরের ৪০০ রানের জবাবে মিজোরাম অলআউট হয় ১৪৩ রানে। ফলো-অনে পড়ে আবার ব্যাটিংয়ে নেমে কিছুটা উন্নতি হয় তাদের। ম্যাচের চতুর্থ ও শেষ দিন মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে মিজোরাম থামে ২৬৮ রানে।

তবে মনিরপুরের লক্ষ্য দাঁড়ায় স্রেফ ১২ রানের। সেটিই তাদের জন্য বড় ধরনের আতঙ্কে পরিণত হয় একপর্যায়ে। 

ইনিংসের দ্বিতীয় বলে উলেনাই খোয়াইরাকপামকে বোল্ড করে দেন অফ স্পিনার লালরেম্পুইয়া। নিজের পরের ওভারে কারানজিত ইয়ামনামকেও বোল্ড করেন তিনি। ৬ রানে দুই ওপেনারকে হারায় মনিপুর।

চতুর্থ ওভারে আরেক অফ স্পিনার ববি জোথানসাঙ্গা চার বলের মধ্যে ৩ উইকেট তুলে নিলে পরিস্থিতি হয়ে যায় আরও বাজে, ৮ রানে নেই ৫ উইকেট। তবে শঙ্কা উড়িয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আল বাশিদ মুহাম্মাদ ও যতিন।