১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৪৩ বছর বয়সে এসএ টোয়েন্টি খেলতে চান অ্যান্ডারসন

দেশের বাইরের কোনো টি-টোয়েন্টি লিগে কখনও খেলা হয়নি টেস্ট ইতিহাসের সফলতম পেসারের।

৪৩ বছর বয়সে এসএ টোয়েন্টি খেলতে চান অ্যান্ডারসন
১১ বছর পর টি-টোয়েন্টি ব্লাস্টে খেলে ভালো বোলিং করেছেন অ্যান্ডারসন। ছবি: ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ফেইসবুক।।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 03:35 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

৭৮২ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন এসএ টোয়েন্টির নিলামে। সেই তালিকায় ১৫৯ নম্বর নামটিই সম্ভবত সবচেয়ে কৌতূহল জাগানিয়া। সেখানে জ্বলজ্বল করছে- ‘জেমস মাইকেল অ্যান্ডারসন।’ হ্যাঁ, বয়স ৪৩ পেরিয়ে নতুন সীমানায় পা রাখতে চান ইংল্যান্ডের পেস কিংবদন্তি।

গৌরবময় ক্যারিয়ারে দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে কখনও খেলা হয়নি অ্যান্ডারসনের। টেস্ট ইতিহাসের সফলতম বোলার ২০ ওভারের ক্রিকেটে ম্যাচই খেলেছেন খুব কম। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবং ইংল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে কাজ করার পর খেলোয়াড়ি জীবনের নতুন নতুন সীমানায় পা রাখার রোমাঞ্চ নাড়া দিচ্ছে তাকে।

১১ বছর পর কিছুদিন আগে তিনি ফিরেছেন টি-টোয়েন্টি ব্লাস্টে। ক্যারিয়ারে প্রথমবার খেলছেন দা হান্ড্রেড টুর্নামেন্টে। এখন তিনি এসএ টোয়েন্টি দিয়ে দেশের বাইরের লিগেও খেলতে চান প্রথমবার।

পেস বোলার হয়েও ১৮৮ টেস্ট খেলার অবিশ্বাস্য কীর্তি গড়েছেন তিনি। তার ৭০৪ উইকেটের রেকর্ড কখনও ভাঙবে না বলেই ধারণা অনেকের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৩ ম্যাচ খেলে তার উইকেট ১ হাজার ১৪২টি। ওয়ানডে ক্রিকেটেও তিনি ইংল্যান্ডের ইতিহাসে সফলতম বোলার (২৬৯ উইকেট)। তবে গোটা ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন তিনি এখনও পর্যন্ত মোটে ৫৬টি।

মূলত টেস্ট ক্যারিয়ার দীর্ঘ করতেই সীমিত ওভারের ক্রিকেট ও টি-টোয়েন্টির হাতছানি থেকে বছরের পর বছর নিজেকে দূরে রেখেছিলেন সুইং বোলিংয়ের এই শিল্পী। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন সেই স্বাদ তিনি নিতে চাইছেন।

প্রথমবার দা হান্ড্রেড খেলে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে তিন ম্যাচে তার প্রাপ্তি দুই উইকেট। তবে ১১ বছর পর টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরে তিনি বেশ ভালো করেছেন। ল্যাঙ্কাশায়ারের হয়ে ওভারপ্রতি ৭.৫৭ রান দিয়ে উইকেট নিয়েছেন ৯ ম্যাচে ১৭টি।

নিলামে দল পেলেও অবশ্য এসএ টোয়েন্টির সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার অ্যান্ডারসন হবেন না। ৪৪ বছর বয়সে গত আসরে খেলেছেন ইমরান তাহির। দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার এখন ৪৫ বছর বয়সেও নানা টি-টোয়েন্টি লিগে খেলে বেড়াচ্ছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে নেতৃত্বও দিচ্ছেন, সেখানে কদিন আগেই নিয়েছেন ম্যাচে ৫ উইকেট। এবারও তিনি এসএ টোয়েন্টির নিলামে আছেন এবং দল পাবেন নিশ্চিতভাবেই।

নিলামে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ২৩ ক্রিকেটার। সবচেয়ে উল্লেখযোগ্য নামটি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া মাহমুদউল্লাহ। 

ইংল্যান্ডের ১৫৩ জন ক্রিকেটার আছেন নিলামের তালিকায়, ওয়েস্ট ইন্ডিজের আছেন ৫০ জন, পাকিস্তানের ৪০ জন, শ্রীলঙ্কার ৩৬ জন ও আফগানিস্তানের ২৭ জন। ভারতের ১৩ জন ক্রিকেটারও আছেন, যারা বিদায় জানিয়েছেন নিজ দেশের ক্রিকেটকে। তাদের মধ্যে মোটামুটি বড় নাম কেবল আইপিএলে ৫৫ ম্যাচ খেলা পেসার সিদ্ধার্থ কৌল। 

এছাড়া প্রতিষ্ঠিত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বাইরে কম্বোডিয়া, বতসোয়ানা, মালয়েশিয়া, জার্মানির ক্রিকেটারও নাম দিয়েছেন নিলামে।

তবে তারা তো বটেই, তারকাদের মধ্যেও অনেকে দল পাবেন না নিলামে। ৭৮২ জনের মধ্যে দলগুলোর সর্বোচ্চ জায়গা ফাঁকা আছে স্রেফ ৮৪ জনের জন্য।