২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের ভেন্যু চূড়ান্ত

সীমিত ওভারের দুই সংস্করণের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে কিউইরা।

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের ভেন্যু চূড়ান্ত
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়াম । ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 04:44 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

সিরিজের সূচি জানানো হয়েছিল বছরের শুরুতেই। এবার চূড়ান্ত হলো বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের ভেন্যু। সীমিত ওভারের দুই সংস্করণের এই সিরিজটি হবে দুটি ভেন্যুতে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়াম মিলিয়ে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলি।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ীই আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে কিউইরা। তাদের জন্য থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ। 

মাঠের লড়াই শুরু ওয়ানডে সিরিজ দিয়ে। মিরপুরে প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল। সিরিজের শেষ ওয়ানডে হবে চট্টগ্রামে।

দিন-রাতের ম্যাচগুলি শুরু দুপুর ২টায়। 

আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে যথারীতি আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ এটি বাংলাদেশের জন্য। র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নিউ জিল্যান্ডকে হারাতে পারলে র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পুরস্কার মিলবে।

দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এই দুই দল মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত ১১ বার। নিউ জিল্যান্ড জিতেছে ৯টি সিরিজ, বাংলাদেশ ২টি।

বাংলাদেশের সেই ২টি সিরিজ জয় দেশের মাঠে। ২০১০ সালে ৪-০ ও ২০১৩ সালে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশড হয়েছিল কিউইরা। সবশেষ সফরে অবশ্য এখান থেকে সিরিজ জিতে ফিরেছিল তারা। 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে চট্টগ্রামেই। রাতের ম্যাচ দুটি শুরু সন্ধ্যা ৬টায়। 

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি মিরপুরে। এটি পুরোপুরিই দিনের ম্যাচ। খেলা শুরু দুপুর ২টায়।

নিউ জিল্যান্ডের এই সফরের সময় আইপিএল ও পিএসএল চলবে। তাদের বেশির ভাগ শীর্ষ ক্রিকেটারই তাই নিশ্চিতভাবেই খেলবেন না এই সিরিজে।