১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রবল চাপে থাকা ওয়েদেরল্ড-লাবুশেনের পাশে অস্ট্রেলিয়া কোচ

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ, তবে দলে পরিবর্তন অনিবার্য মনে করছেন না কোচ অ‍্যান্ড্রু ম‍্যাকডোনাল্ড।

প্রবল চাপে থাকা ওয়েদেরল্ড-লাবুশেনের পাশে অস্ট্রেলিয়া কোচ
অস্ট্রেলিয়া কোচ অ‍্যান্ড্রু ম‍্যাকডোনাল্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 07:54 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়া বাজে ক্রিকেট খেলেছে, মেনে নিয়েছেন কোচ অ‍্যান্ড্রু ম‍্যাকডোনাল্ড। তবে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে হারের পর দলে পরিবর্তনের যে ডাক দিয়েছেন সাবেক ক্রিকেটাররা, তাতে একমত নন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজে হার এড়াতে ম‍্যাকাইয়ে দ্বিতীয় ম‍্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়ার। ভীষণ গুরুত্বপূর্ণ এই ম‍্যাচে স্বাগতিক দলে একাধিক পরিবর্তনের পরামর্শ দিয়েছেন মার্ক ওয়াহ, রিকি পন্টিংয়ের মতো সাবেক ক্রিকেটাররা। 

ওপেনার জেইক ওয়েদেরল্ড ও তিনে নামা মার্নাস লাবুশেনকে বাদ দেওয়ার দাবি উঠেছে জোরেশোরে। কিন্তু ম‍্যাকডোনাল্ড চান, দ্বিতীয় টেস্টের দল ঠিক করার সময় আবেগকে দূরে রাখুক নির্বাচকরা। কোচ অবশ্য এটাও মনে করেন, প্রয়োজনে স্কোয়াডে নতুন খেলোয়াড় যুক্ত করা যেতেই পারে। 

“আমি মনে করি না, ব‍্যাপারটা এমন হবে যে, ‘ওহ, আমরা এই ম‍্যাচ হেরেছি, হুট করে আমরা তাৎক্ষণিকভাবে কিছু পরিবর্তন আনব।’ সেরা একাদশ ঠিক করার জন‍্য আমরা ঠিক সেভাবেই কাজ করব, সাধারণত আমরা যেভাবে করে থাকি।

“আর যদি পরিবর্তন এর অংশ হয়, তবে আমাদেরই ঠিক করতে হবে যে, অন‍্য কেউ এখানে আসলে দল আরও ভালো হবে।”

১৩ জনের দলে বিশেষজ্ঞ ব‍্যাটসম‍্যান হিসেবে আছেন জশ ইংলিস। এছাড়া স্কোয়াডে বাড়তি কোনো ব‍্যাটসম‍্যান নেই। আপাতত কোনো ঘরোয়া ক্রিকেট চলছে না, যেখান থেকে কাউকে আনা সম্ভব। টেস্ট সিরিজ শুরুর আগে ব্রিজবেনে দলের সঙ্গে অনুশীলনে থাকা ম‍্যাট রেনশ ও কুপার কনোলি হয়তো সুযোগ পেতে পারেন। 

অ‍্যাশেজ সিরিজে ব‍্যর্থতার পর এলবিডব্লিউ এড়াতে নিজের টেকনিকে পরিবর্তন এনেছেন ওপেনার ওয়েদেরল্ড। ডারউইনে এলবিডব্লিউ হননি তিনি। কিন্তু ভালো করতেও পারেননি। অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক‍্যাচ দিয়েছেন প্রথম ইনিংসে, পরের ইনিংসে ব‍্যাটের কানায় লেগে হয়েছেন বোল্ড। ২৩ ও শূন‍্য রানের দুটি ইনিংসে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে, তাকে আরও সময় দেওয়ার পক্ষে ম‍্যাকডোনাল্ড।

“অল্প কয়েকটি ম্যাচ দেখে পরিবর্তনগুলো কার্যকর কিনা, তা বিচার করা সবসময়ই কঠিন। সে একটা বল স্টাম্পে টেনে এনেছে আর প্রথম ইনিংসে ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছে। তাই এত কম দেখে এটা বলা সম্ভবত আরও কঠিন যে, ‘হ্যাঁ, এই পরিবর্তন চাপের মুখেও কার্যকর থাকবে।’ তবে তার খেলায় কিছু পরিবর্তন ছিল।”

টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালের পর বাদ পড়েন লাবুশেন। পরে অ‍্যাশেজ দিয়ে ফেরেন তিনি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মনে হচ্ছিল, দুঃসময় পেরিয়ে ছন্দে ফিরছেন তিনি। তবে শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি তিনি। ম‍্যাকডোনাল্ড মনে করেন, লাবুশেনের কেবল একটা বড় রান প্রয়োজন।

“আমরা রান চাই। এটাই শেষ কথা।

“আর কীভাবে সে সেটা করছে- দ্বিতীয় ইনিংসে সে যেভাবে ৩১ রান করেছে- তার আউটের আগ পর্যন্ত দেখে আপনি বলতে পারতেন, ‘উফ সে চমৎকার খেলছে। সে প‍্যাডের বল ফ্লিক করছে, সে বোলারের মাথার ওপর দিয়ে খেলছে।’ তাই আমার জন‍্য এখানে বসে তার পক্ষে বলাটা সহজ। কিন্তু শেষ পর্যন্ত সে কেবল ৩১ রান করেছে। এটা বড় স্কোর নয়… এটা নিয়ে সে হতাশ। সে সুযোগ হাতছাড়া করেছে, তার বড় রান প্রয়োজন।”