এবার ৩১ বলে সেঞ্চুরি, ১০ ছক্কায় উর্ভিলের বিধ্বংসী ১১৯*
২০২৪ সালের ২৭ নভেম্বর ২৮ বলে সেঞ্চুরি করা ব্যাটসম্যান ২০২৫ সালের ২৬ নভেম্বর সেঞ্চুরি করলেন ৩১ বলে।
টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্বের অভিষেকের উপলক্ষ স্মরণীয় করে রাখলেন উর্ভিল প্যাটেল। সৈয়দ মুশতাক আলি ট্রফির গত আসরে দুটি সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যান নতুন আসর শুরু করলেন আরেকটি বিস্ফোরক শতক দিয়ে।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির নতুন আসরের উদ্বোধনী দিনে সার্ভিসেসের বিপক্ষে রান তাড়ায় ৩৭ বলে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলে গুজরাটের জয়ের নায়ক উর্ভিল। ১০ ছক্কা ও ১২ চারে গড়া ২৭ বছর বয়সী ওপেনারের ইনিংসটি।
হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে বুধবার উর্ভিলের খুনে ব্যাটিংয়ে ১৮৩ রানের লক্ষ্য গুজরাট ছুঁয়ে ফেলে ১২.৩ ওভারেই, ৮ উইকেট হাতে রেখে।
ইনিংসটির পথে উর্ভিল সেঞ্চুরি পূর্ণ করেন ৩১ বলে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা দ্বিতীয় দ্রুততম, সব মিলিয়ে পঞ্চম দ্রুততম।
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম ও সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন তিনি গত আসরে, ২৮ বলে তিন অঙ্ক ছুঁয়ে; স্পর্শ করেছিলেন আভিশেক শার্মার রেকর্ড। তখন এক ম্যাচ পর আরেকটি সেঞ্চুরি করেছিলেন ৩৬ বলে।
২০২৩ সালে পঞ্চাশ ওভারের আসর ভিজায় হাজারে ট্রফিতে তিনি সেঞ্চুরি করেন ৪১ বলে, লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যা তৃতীয় দ্রুততম।
সৈয়দ মুশতাক আলি ট্রফির গত আসরে ৬ ইনিংসে ২৩০ স্ট্রাইক রেটে উর্ভিল করেন ৩১৫ রান। সেবার তার ২৯ ছক্কা ছিল আসরের সর্বোচ্চ।
সেখানে আলো ছড়িয়ে গত আইপিএলের মাঝপথে তিনি চেন্নাই সুপার কিংস দলে ডাক পান ভানশ বেদির বদলি হিসেবে।
টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে ৫১ ম্যাচে তার সেঞ্চুরি হলো তিনটি।
