চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি-রোহিতের বিশাল ভূমিকা থাকবে, বিশ্বাস কোচের
‘দেশের জন্য খেলার এবং দেশকে ভালো কিছু দেওয়ার প্রবল ইচ্ছা এখনও তাদের আছে’, বললেন গৌতাম গাম্ভির।
ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিরাট কোহলি ও রোহিত শার্মার। তবে ভারতীয় ক্রিকেটে এখনও তারা অনেক মূল্যবান বলে মনে করেন গৌতাম গাম্ভির। ভারতের প্রধান কোচের বিশ্বাস, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞ দুই ব্যাটসম্যানই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
টেস্টে সবশেষ ১৫ ইনিংসে রোহিত ফিফটি করেছেন মোটে একটি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে পাঁচ ইনিংস খেলে মোট রান করেছেন ৩১। বোর্ডের নির্দেশনা অনুসরণ করে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেও ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। ৯ বছর পর রাঞ্জি ট্রফিতে ফেরার ম্যাচে দুই ইনিংসে করেছেন ৩ ও ২৮।
একই অবস্থা কোহলিরও। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও বাকি ৮ ইনিংস মিলিয়ে তার মোট রান ৯০। এর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে দেশের মাঠে সিরিজে এক ইনিংসে ৭০ করলেও বাকি পাঁচ ইনিংস মিলিয়ে করেন মোট ২৩। কোনো ফিফটি করতে পারেননি বাংলাদেশের বিপক্ষে সিরিজের চার ইনিংসেও। ১২ বছর পর রাঞ্জিতে ফিরে একমাত্র ইনিংসে তিনি করতে পারেন কেবল ৬ রান।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে সংস্করণে। এই সংস্করণে সবশেষ সাত ইনিংসে অবশ্য দুটি সেঞ্চুরি আছে কোহলির। তবে সেই দুটি ২০২৩ সালের বিশ্বকাপে। গত বছর তিনটি ওয়ানডে খেলে একটিতেও ত্রিশ ছুঁতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওই তিন ম্যাচের দুটিতে ফিফটি করেন রোহিত। এখানে সবশেষ সাত ইনিংসে তার ফিফটি তিনটি, এছাড়া তিনটিতে আউট হন চল্লিশের ঘরে।
মুম্বাইয়ে শনিবার বিসিসিআইয়ের বার্ষিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে গাম্ভির বললেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি ও রোহিতের ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।
“আমি মনে করি, রোহিত ও ভিরাট দুজনই ড্রেসিং রুমে অনেক গুরুত্ব বয়ে আনে, ভারতীয় ক্রিকেটেও তাই। তাদের বিশাল ভূমিকা থাকবে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে)।”
“আমি আগেও বলেছি, এই ছেলেরা এখনও অনেক ক্ষুধার্ত, তারা দেশের জন্য খেলতে চায়। দেশের জন্য খেলার এবং দেশকে ভালো কিছু দেওয়ার প্রবল ইচ্ছা তাদের আছে।”
