১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২১ হাজার রানের ঠিকানায় পৌঁছে পুজারার রেকর্ড-ছোঁয়া ডাবল সেঞ্চুরি

রাঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে বিশ্ব রেকর্ডের তালিকায় চারে উঠে গেলেন ৩৬ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।

২১ হাজার রানের ঠিকানায় পৌঁছে পুজারার রেকর্ড-ছোঁয়া ডাবল সেঞ্চুরি
প্রথম শ্রেণির ক্রিকেটে চেতেশ্বর পুজারার ডাবল সেঞ্চুরি হলো ১৮টি। ছবি: সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 11:22 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

প্রায় দেড় বছর ধরে ভারতের টেস্ট দলের বাইরে চেতেশ্বর পুজারা। তবে ঘরোয়া ক্রিকেটে তার রানের জোয়ার থেমে নেই। রাঞ্জি ট্রফির ম্যাচে তিনি উপহার দিয়েছেন দারুণ এক ডাবল সেঞ্চুরি। নাম তুলেছেন রেকর্ড বইয়ের নানা পাতায়।

সৌরাষ্ট্রের হয়ে ছত্তিশগড়ের বিপক্ষে সোমবার ড্র হওয়া ম্যাচে দলের একমাত্র ইনিংসে পুজারা খেলেন ৩৮৩ বলে ২৩৪ রানের ম্যারাথন ইনিংস। ২৫ চার ও এক ছক্কায় গড়া ইনিংসে ম্যাচের সেরা তিনিই।

এই ইনিংসের পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই ঠিকানায় পৌঁছতে পেরেছেন কেবল সুনিল গাভাস্কার (২৫ হাজার ৮৩৪), সাচিন টেন্ডুলকার (২৫ হাজার ৩৯৬) ও রাহুল দ্রাবিড় (২৩ হাজার ৭৮৪)। ২৭৩ ম্যাচে পুজারার রান এখন ২১ হাজার ১৪৯।

২১ হাজার থেকে ৮৫ রান দূরে থেকে রাজকোটে এই ম্যাচ খেলতে নামেন তিনি। তৃতীয় দিন শেষে অপরাজিত ছিলেন ৭৫ রানে। সোমবার শেষ দিন সেঞ্চুরিতে পা রাখেন তিনি ১৯৭ বলে। পরের ১৫১ বলে স্পর্শ করেন ডাবল সেঞ্চুরি। তিনে নেমে অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার একটু পর ড্র হয় ম্যাচ।

প্রথম শ্রেণির ক্রিকেটে পুজারার ১৮তম ডাবল সেঞ্চুরি এটি। প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির তালিকায় মার্ক রামপ্রাকাশ (১৭) ও হার্বার্ট সাটক্লিফকে (১৭) পেছনে ফেলে চারে উঠলেন তিনি। ওপরে আছেন শুধু প্যাটসি হেনড্রেন (২২), ওয়ালি হ্যামন্ড (৩৬) ও স্যার ডন ব্র্যাডম্যান (৩৭)।

ভারতীয়দের মধ্যে পুজারার ধারেকাছেও কেউ নেই। ১১ ডাবল সেঞ্চুরি নিয়ে তার পরে আছেন ভিজায় মার্চেন্ট। ভিজায় হাজারে, গাভাস্কার, টেন্ডুলকার ও দ্রাবিড়ের আছে ১০টি করে।

রাঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ডে পারাস দগরার পাশে বসলেন পুজারা, দুজনেরই ৯টি করে।

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরিও আছে পুজারার- দুটি রাঞ্জিতে, একটি ভারত ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেঞ্চুরি হলো ৬৬টি, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। ৬৮ সেঞ্চুরি আছে দ্রাবিড়ের, টেন্ডুলকার ও গাভাস্কারের ৮১টি করে।

এই বছরে সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপসহ প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে পুজারার সেঞ্চুরি হলো ৬টি।

ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলে ১৯ সেঞ্চুরিতে তার রান ৭ হাজার ১৯৫। গত বছরের জুনে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর আর দলে সুযোগ পাননি তিনি। 

ঘরোয়া ক্রিকেটে ফের রানের জোয়ার বইয়ে দিয়ে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাওয়ার দাবি তিনি জানাতেই পারেন!