Published : 18 Mar 2026, 09:49 PM
জেমি স্মিথ খুব করে চেয়েছিলেন আইপিএলে খেলতে। কিন্তু গত ডিসেম্বরে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলামে অবিক্রিত রয়ে যান তিনি। বিষয়টি হতাশার হলেও, এর মাঝে একটি ইতিবাচক দিক খোঁজার চেষ্টা করছেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান। অপ্রত্যাশিত দীর্ঘ এই বিরতিতে লাল বলের ব্যাটিং নিয়ে কাজ করার সুযোগ দেখছেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের ৪-১ ব্যবধানে অ্যাশেজ হারের সময় ব্যাট হাতে বেশ সংগ্রাম করতে হয়েছিল স্মিথকে। পাঁচ টেস্টে তিনি করতে পারেন কেবল ২১১ রান, ফিফটি স্রেফ একটি। গ্যাবায় ইংল্যান্ডের বড় ব্যবধানে হারের ম্যাচে ট্রাভিস হেডের সহজ একটি ক্যাচও তিনি ফেলে দেন। সিডনিতে মার্নাস লাবুশেনের বলে আউট হন খুব বাজে শট খেলে।
আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন স্মিথ। কিন্তু তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এরপর, শ্রীলঙ্কা সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের সাদা বলের দল থেকে বাদ পড়েন তিনি।
সারের প্রাক-মৌসুম মিডিয়া ডেতে মঙ্গলবার স্মিথ বলেন, জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগের এই সময়টায় ব্যাটিং নিয়ে কাজ করতে চান তিনি।
“ওই সময়ে অবশ্যই আইপিএলে যেতে চেয়েছিলাম আমি। আমার খেলার সব দিক শক্তিশালী করা আমার লক্ষ্য এবং আইপিএলকে এমন একটি মাধ্যম হিসেবে দেখি, যা সাদা বলের ক্রিকেটকে সত্যিই সমৃদ্ধ করতে পারে এবং লাল বলের ক্রিকেটের জন্যও এর কিছু সুবিধা রয়েছে।”
“তবে এখন পেছন ফিরে তাকালে মনে হয়, হ্যাঁ, এখানে এসে লাল বলে (ক্রিকেটে) দীর্ঘ সময় কাটানো দারুণ ব্যাপার। আমার মনে হয়েছে, গ্রীষ্মের শেষের দিকে এবং শীতকালে টেকনিক্যালি আমি কিছুটা ছন্দহীন ছিলাম।”
কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলে ইংল্যান্ডের টেস্ট দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য ২৫ বছর বয়সী স্মিথের।
“এখানে (দা ওভালে) এসে কয়েকটি বিষয় নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করি, আমি ছয় বা সাতটি (কাউন্টি চ্যাম্পিয়নশিপ) ম্যাচে সেগুলো প্রয়োগ করতে পারব। এরপর ইংল্যান্ড দলের হয়ে সুযোগ পেলে কী করতে পারি, দেখব। তবে হ্যাঁ, সবকিছু ঠিকঠাক করার জন্য এই সময় পাওয়ায় ভালোই হয়েছে।”