ম্যাচ শেষের ১ সপ্তাহ পর ডেভিডের শাস্তি
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে জরিমানা করা হয়েছে, দেওয়া হয়েছে ডিমেরিট পয়েন্টও।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবশেষ টি-টোয়েন্টির পর পেরিয়ে গেছে এক সপ্তাহ। এত দিন পর এসে ওই ম্যাচের একটি কাণ্ডের জন্য অস্ট্রেলিয়ার টিম ডেভিডকে শাস্তি দিয়েছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে, আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন ডেভিড। যেখানে ‘আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করার’ কথা বলা হয়েছে।
এই অপরাধের জন্য ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
গত ২৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবশেষটি খেলে অস্ট্রেলিয়া। ম্যাচটি ৩ উইকেটে জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে মিচেল মার্শের দল।
ডেভিডের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করার ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার রান তাড়ায় পঞ্চম ওভারে। আলজারি জোসেফের একটি ডেলিভারি লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। হাত প্রসারিত করে ওয়াইড হয়েছে বলে আম্পায়ারকে ইঙ্গিত করেন ডেভিড।
জোসেফের ওই ওভারেই ছক্কার চেষ্টায় ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড। ৪টি ছক্কা ও একটি চারে ১২ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ে অবদান রাখেন তিনি।
