Published : 16 May 2026, 12:46 PM
তানজিদ হাসানের ইচ্ছে ছিল, টেস্ট ক্যাপটি নেবেন তিনি মুশফিকের রহিমের কাছ থেকে। ক্যাপ তুলে দেওয়ার আনুষ্ঠানিক আয়োজনে সেটি জানিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল সঙ্গে যোগ করলেন, এই দুজন একই শহরের সন্তান। পরে মুশফিকও বললেন, বগুড়ার একজনকে টেস্ট ক্যাপ উপহার দিতে পারাটা তার নিজের কাছেও বিশেষ কিছু।
কারও টেস্ট অভিষেক হলে এই আয়োজনটি সবসময়ই হয়ে থাকে। দলীয় বৃত্তে নবীন ক্রিকেটারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এবার সেই স্বপ্নের মুহূর্তটি এলো তানজিদের জন্য। বাংলাদেশের ১০৯তম টেস্ট ক্রিকেটার তিনি।
দুদিন আগে যখন চোটের কারণে ছিটকে গেলেন সাদমান ইসলাম, তখনই নিশ্চিত হয়ে যায়, সিলেটে টেস্ট অভিষেক হচ্ছে তানজিদের। ম্যাচ শুরুর আগে শনিবার তার মাথায় ক্যাপ পরিয়ে দেন মুশফিক।
আনুষ্ঠানিকতার শুরুটা হয় নাফিসকে দিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় বৃত্তের মাঝে দাঁড়িয়ে তিনি বলেন ছোট্ট সূচনা বক্তব্যের পর মুশফিককে আহবান জানান তানজিদকে টেস্ট ক্যাপ তুলে দিতে।
“সাদা বলের ক্রিকেটের দুট সংস্করণে তুমি দেশকে গর্ব এনে দিয়েছো। তবে দিজ ইস দা আল্টিমেট ওয়ান.. দা লিগ্যাসি অব ক্রিকেট… আবারও অভিনন্দন। আমি জানি যে, তুমি চাও মুশফিকের রহিমের কাছ থেকে ক্যাপ নিতে, যে নিজে একজন কিংবদন্তি, তোমার শহরেরও…।”

মুশফিক হাসিমুখে এগিয়ে এসে বরণ করে নেন টেস্ট দলের নতুন সদস্যকে।
“প্রথমত, নাফিস ভাই যেটা বললেন, তুমি আমাদের দেশকে গর্ব এনে দিয়েছো। আশার করব যে, লাল বলের খেলায়ও তুমি সামনে থেকে নেতৃত্ব দেবে এবং যেহেতু তুমি বগুড়ার ছেলে… খুবই স্পেশাল আমার জন্য এই মুহূর্ত… আশা করব, ১০-১৫ বছর তুমি বাংলাদেশ দলকে শীর্ষ পর্যায়ে সার্ভিস দেবে।”
এরপর ক্যাপ পরিয়ে দিয়ে দুজন হাসিমুখে পোজ দেন ছবির জন্য।
প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে ৫ সেঞ্চুরিতে ৪০.৭২ গড়ে ১ হাজার ৭৯২ রান করে টেস্ট অভিষেক হলো তানজিদের। টস হেরে বাংলাদেশ ব্যাটিং পাওয়ায় দ্রুতই ব্যাটিংয়ে নেমে যেতে হয় তাকে। অভিষেকের দিনটি অবশ্য স্মরণীয় করে রাখতে পারেননি ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। শুরুটা যদিও ভালো করেছিলেন, তিনটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। কিন্তু মোহাম্মাদ আব্বাসের বলে আউট হয়ে যান ৩৪ বলে ২৬ রান করে।