লর্ডস টেস্টের বাকি অংশে অনিশ্চিত ইমাম
বাম পায়ের মাংসপেশির চিড় থেকে সেরে ওঠতে ১০ দিন বিশ্রাম প্রয়োজন পাকিস্তানের এই বাঁহাতি ওপেনারের।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের বাকি অংশে ইমাম-উল-হাকের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। পাকিস্তানের বাঁহাতি এই ওপেনারের বাম পায়ের মাংসপেশিতে চিড় ধরা পড়েছে।
ক্রিকইনফো নিজেদের প্রতিবেদনে বলেছে, চোট পরিস্থিতির অবনতি হলে প্রথম দিনের খেলা শেষে ইমামের স্ক্যান করানো হয়। গ্রেড-১ চিড় থেকে সেরে ওঠতে তার ১০ দিন বিশ্রাম প্রয়োজন।
প্রথম দিনের চা-বিরতির পর থেকে মাঠে অনুপস্থিত ইমাম। তার জায়গা ফিল্ডিং করছেন সালমান আলি আগা। দ্বিতীয় দিন পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামেননি ইমাম। ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে স্রেফ ৩৮ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস।
ইমামের চোটের বিষয়ে দ্বিতীয় দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, “লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান ইমাম-উল-হাকের বাম পায়ের মাংসপেশিতে টান লাগে। পরবর্তীতে স্ক্যানে পায়ের পেশিতে হালকা স্ট্রেইন ধরা পড়ে এবং ইমাম বর্তমানে পাকিস্তানের মেডিকেল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার ওপরই নির্ভর করছে টেস্টের বাকি অংশে তার অংশগ্রহণ।”
তৃতীয় দিনের খেলা শেষে ইমামের চোট পরিস্থিতি নিয়ে প্রশ্ন এড়িয়ে যান মোহাম্মদ আলি।
“আমি এ ব্যাপারে আপনাদের কিছু বলতে পারব না। তার অবস্থা সম্পর্কে আমি জানি। তবে এই বিষয়ে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে দলের চিকিৎসক প্যানেল।”
দ্বিতীয় ইনিংসেও ইমাম ব্যাট করতে না পারলে সেটা হবে পাকিস্তানের জন্য একটা বড় ধাক্কা। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৩৫৭ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে জয় এলে ২০২৪ সালের ডিসেম্বরের পর প্রথমবার সিরিজ জিতবে তারা।
আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহ্যামে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচে খেলার জন্য সেরে ওঠতে যথেষ্ট সময় পাচ্ছেন ইমাম।
