১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফলো-অন করানো নিয়ে গিল, ‘বলব না হিতে বিপরীত হয়েছে’

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারত অধিনায়ক বললেন, তাদের এই সিদ্ধান্ত সঠিকই ছিল।

ফলো-অন করানো নিয়ে গিল, ‘বলব না হিতে বিপরীত হয়েছে’
ম্যাচের শেষ দিন বোলিংয়ে ভালো কিছু করতে পারেনি ভারত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 10:44 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

কলম্বো টেস্ট ড্র হলেও শ্রীলঙ্কাকে ফলো-অন করানোর সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন ভারত অধিনায়ক শুবমান গিল। তিনি জোর দিয়ে বলেছেন, আবহাওয়ার পরিস্থিতি ও ম্যাচের প্রেক্ষাপট বিবেচনায় সঠিক সিদ্ধান্তই ছিল এটি।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ভারত ২১৩ রানের লিড নেওয়ার পর শ্রীলঙ্কাকে আবার ব্যাট করতে পাঠায়, কিন্তু এবার প্রতিপক্ষের ১০ উইকেট নিতে ব্যর্থ হয় তারা। প্রায় দুই দিন ব্যাট করে ম্যাচ বাঁচায় স্বাগতিকরা।

৬ উইকেটে ২২৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। তখন দলটি এগিয়ে ছিল কেবল ১৬ রানে। ম্যাচে সোনাল দিনুশার দ্বিতীয় সেঞ্চুরি ও লোয়ার অর্ডারের নৈপুণ্যে জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা। ৯ উইকেটে ৪২৯ রান করে তারা ইনিংস ঘোষণা করার পর, ২১৭ রানের লক্ষ্যে আর ব্যাটিংয়ে নামেনি ভারত।

ম্যাচের প্রথম চার দিনে বৃষ্টি আর আলোকস্বল্পতায় নষ্ট হয় অনেকটা সময়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গিল বলেন, বৃষ্টির কথা মাথায় রেখেই ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। তবে সিদ্ধান্তটি হিতে বিপরীত হয়েছে বলে মনে করেন না তিনি।

“আমি বলব না যে, ফলো-অন করানোটা হিতে বিপরীত হয়েছে। সামগ্রিকভাবে দেখলে, আমার মনে হয় আমরা প্রায় ২৫০ ওভার ফিল্ডিং করেছি। ওরা বল করেছে প্রায় ১৩০ ওভার। ম্যাচে যে ওভারগুলো বাকি ছিল- একটি টেস্ট ম্যাচে ৪৫০ ওভার হয়ে থাকে- তার মধ্যে প্রায় ৭০ ওভার বৃষ্টির কারণে নষ্ট হয়েছে।”

প্রথম টেস্টে ১৬৫ রানে জয়ী ভারত সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে।