২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ওভালে টেস্ট অভিষেক হচ্ছে হালের

লর্ডস টেস্ট থেকে তৃতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড।

ওভালে টেস্ট অভিষেক হচ্ছে হালের
বাঁহাতি পেসার জশ হাল। ছবি: ইংল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 06:03 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

প্রথমবারের মতো ইংল্যান্ড টেস্ট দলে ডাক পাওয়ার পর এবার মাঠে নামার অপেক্ষায় জশ হাল। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে অভিষেক হবে ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার এই বাঁহাতি পেসারের।

দা ওভালে আগামী শুক্রবার শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। বুধবার একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা।

লর্ডসে হওয়া দ্বিতীয় টেস্ট থেকে আসছে ম্যাচের একাদশে একটিই পরিবর্তন এনেছে ইংল্যান্ড। পেসার ম্যাথু পটসের জায়গায় এসেছেন হাল।

গত মাসে ২০ বছর পূর্ণ করা হাল শুরুতে স্কোয়াডেই ছিলেন না। প্রথম টেস্টে গতিময় পেসার মার্ক উড চোট পেয়ে ছিটকে গেলে বদলি হিসেবে ডাক পান তিনি।

এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে হালের শিকার ১৬ উইকেট। গত মাসে ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিনি নেন ৫ উইকেট। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজের দলেও আছেন হাল। ওভাল টেস্টের একাদশে জায়গা পাওয়ায় আগামী বুধবার প্রথম টি-টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা কম। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। এবার লঙ্কানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে তারা।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: ড্যান লরেন্স, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, অলি স্টোন, জশ হাল, শোয়েব বাশির।