সোবহানার ১৩ ধাপ উন্নতি, এগিয়েছেন শারমিন-নিগারও
নারী ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এখন সবার ওপরে শারমিন আক্তার।
উইমেন’স বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সোবহানা মোস্তারি। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ম্যাচে ফিফটি করায় শারমিন আক্তার ও নিগার সুলতানারও অগ্রগতি হয়েছে।
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের তালিকায় এখন ৫৭তম স্থানে আছেন সোবহানা।
দুই ধাপ করে এগিয়েছেন শারমিন ও নিগার। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবার ওপরে শারমিন, তার অবস্থান ২৯তম। বাংলাদেশ অধিনায়ক নিগার আছেন ৩৪ নম্বরে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। ৯ চারে ৮০ বলের ইনিংসটি সাজান এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কা ম্যাচে অবশ্য দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি, করতে পারেন কেবল ৮ রান।
লঙ্কানদের বিপক্ষে সোমবার দলকে জয়ের স্বপ্ন দেখানো নিগার খেলেন ৬ চারে ৭৭ রানের ইনিংস। তিনে নেমে ১ ছক্কা ও ৪টি চারে ৬৪ রান করে অপরাজিত থাকেন শারমিন। তবে শেষের ব্যাটিং ধসে ৭ রানে ম্যাচটি হেরে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ভারতের স্মৃতি মান্ধানা (৮০৯)। র্যাঙ্কিংয়ের দুই নম্বর ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্টের (৭২৬) চেয়ে ৮৩ রেটিং পয়েন্ট এগিয়ে তিনি।
বোলারদের মধ্যে আগের মতোই চূড়ায় ইংলিশ স্পিনার সোফি এক্লেস্টোন। এই তালিকায় বাংলাদেশের কারো উন্নতি হয়নি। দুই ধাপ পিছিয়ে ত্রয়োদশ স্থানে আছেন নাহিদা আক্তার, বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে তিনি।
নারীদের ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।
