Published : 17 Feb 2026, 06:57 PM
দুজনই দেশের প্রধান দুই খেলায় সাবেক জাতীয় অধিনায়ক। এখন একজন দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের প্রধান। আরেকজন মাত্রই দায়িত্ব পেলেন গোটা ক্রীড়াঙ্গনের অভিভাবকের। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া আমিনুল হককে অভিনন্দন জানালেন বিসিবি সভাপভি আমিনুল ইসলাম।
জাতীয় নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে হেরে গেলেও টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল।
বিকেলে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, “ক্রীড়াক্ষেত্রে আমিনুল হকের নেতৃত্ব দেশজুড়ে সমর্থক এবং তরুণ ক্রীড়াবিদদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়কের জাতীয় ক্রীড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে উঠে আসা দেশের ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতার মূল্যই এতে ফুটে উঠেছে।”
ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে করার ইচ্ছের কথা জানান বিসিবি সভাপতি।
“যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হকের মতো বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের নিয়োগ বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। জাতীয় ফুটবল দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়ায় তিনি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষা সরাসরি বুঝতে পারেন। আমি নিশ্চিত যে একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন শাখার ক্রীড়া উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।”
“দেশজুড়ে ক্রীড়াবিদদের জন্য অব্যাহত অগ্রগতি এবং সুযোগ নিশ্চিত করার জন্য, সকল স্তরে ক্রীড়া প্রচার ও শক্তিশালীকরণে নতুন প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে বিসিবি।”
দেশের সর্বকালের সেরা গোলকিপারদের একজন আমিনুল। নব্বই দশকের মাঝামাঝি সময়ে ফুটবলের আঙিনায় পথচলা শুরু তার। ক্রমে তিনি হয়ে ওঠেন প্রজন্মের অবিসংবাদিত সেরা গোলকিপার। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ফরাশগঞ্জ, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধাসহ দেশের শীর্ষ ক্লাবগুলোয় খেলেছেন। দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার ছিলেন একসময়।
জাতীয় দলের গোলবার দক্ষতার সঙ্গে তিনি আগলেছেন দীর্ঘদিন। দেশকে নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়। ২০০৬ সাফ জয়ের নায়কদের একজন তিনি, দলকে নেতৃত্ব দিয়েছেন ২০১০ এস গেমসে সোনা জয়ে।
দেশের ক্রীড়াবিদদের মধ্যে আমিনুলই প্রথম ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন। আরেক সাবেক ফুটবলার আরিফ খান জয় ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী।