Published : 06 Nov 2025, 01:02 PM
ড্যানিয়েল ভেটোরি চলে যাচ্ছে অন্য দলে। তার জায়গায় আসছেন শেন বন্ড। দা হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন নিউ জিল্যান্ডের সাবেক ফাস্ট বোলার।
ফিনিক্সের আগের কোচ ভেটোরি যোগ দিচ্ছেন সানরাইজার্স লিডস দলে। এতদিন দলটির নামটি ছিল নর্দান সুপারচার্জার্স। সম্প্রতি দলটির মালিকানা পেয়েছে ভারতের সান গ্রুপ, আইপিএলে যাদের দল সানরাইজার্স হায়দরাবাদ। নতুন মালিকানায় নতুন নামে সানরাইজার্স লিডসের সঙ্গী হচ্ছে ভেটোরি। তার জায়গায় দুই বছরের চুক্তিতে ফিনিক্সের দায়িত্ব নিচ্ছেন বন্ড।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিভিন্ন লিগেই বেশ কাঙ্ক্ষিত কোচদের একজন বন্ড। সাবেক এই ফাস্ট বোলার আইপিএলে সাত বছর ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ। পরে একই দায়িত্ব পালন করেছেন রাজস্থান রয়্যালসে। প্রধান কোচের দায়িত্বও নতুন নয় তার জন্য। এসএ টোয়েন্টিতে পার্ল রয়্যালস ও বিগ ব্যাশে সিডনি থান্ডারের প্রধান কোচ ছিলেন ৫০ বছর বয়সী সাবেক গতিতারকা।
সম্প্রতি মালিকানায় বদল এসেছে ফিনিক্সেরও। ওয়ারউইকশায়ার কাউন্টির পাশাপাশি দলটি পরিচালনা করছে এখন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল, যারা বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবেরও মালিক। নতুন মালিকানায় ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তনের শুরু হলো বন্ডকে দিয়ে।
বন্ডকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ফিনিক্সের পারফরম্যান্স ডিরেক্টর জেমস থমাস।
“শেনকে প্রধান কোচ নিয়োগ দিতে পেরে আমরা রোমাঞ্চিত। তার অভিজাত কোচিং অভিজ্ঞতা, বৈশ্বিক ফ্র্যাঞ্চআইজি লিগগুলোয় প্রমাণিত সাফল্য ও ক্রিকেটারদের উন্নতি করায় তার তাড়না, এসব হবে বড় সম্পদ।”
“তার লক্ষ্য, ট্যাকটিক্যাল অন্তদৃষ্টি, হাই-পারফরমিং আবহ গড়ে তোলার সামর্থ্য আলাদা করে ফুটে উঠেছে প্রতিযোগিতামূলক একটি নির্বাচনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আধুনিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাহিদাগুলো বুঝতে পারেন এবং জানেন যে, সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে হলে কী করতে হবে।”