Published : 15 Nov 2024, 02:21 PM
ইতিহাসের অংশ হওয়ার হাতছানি নিয়ে দিন শুরু করেছিলেন আনশুল কাম্বোজ। দ্রুতই সেই রোমাঞ্চে নিজেকে রাঙিয়েছেন তিনি। আট উইকেট নিয়ে দিন শুরু করা হারিয়ানার পেসার বাকি দুই উইকেটও নিয়ে গড়েছেন দারুণ এক কীর্তি।
ভারতের রাঞ্জি ট্রফির ম্যাচে কেরালার ১০ উইকেটের সবকটি একাই শিকার করেন হারিয়ানার এই পেসার।
লাহিলের বানসি লাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের প্রথম দিনে দুই উইকেট নেন আনশুল, বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে তার প্রাপ্তি ছিল ছয় উইকেট। তৃতীয় দিন শুক্রবার সকালে বাকি দুই উইকেটও নিয়ে পূর্ণতায় পৌঁছে যান ২৩ বছর বয়সী পেসার।
১৯ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে আগে এক দফায় ইনিংসে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার এগিয়ে গেলেন আরও দুই ধাপ।
রাঞ্জি ট্রফির সুদীর্ঘ ইতিহাসে একাই ১০ উইকেট নেওয়ার তৃতীয় নজির এটি। ১৯৫৫-৫৬ মৌসুমে বাংলার বাঁহাতি পেসার প্রেমাংশু চ্যাটার্জি আসামের বিপক্ষে নিয়েছিলেন ২০ রানে ১০ উইকেট। ১৯৮৫-৮৬ মৌসুমে বিদার্ভার বিপক্ষে রাজস্থানের পেসার প্রাদিপ সুন্দারাম নিয়েছিলেন ৭৮ রানে ১০ উইকেট।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট শিকার করা ষষ্ঠ ভারতীয় বোলার আনশুল। বাকি তিনজন- লেগ স্পিনার শুভাষ গুপ্তে, কিংবদন্তি আনিল কুম্বলে ও পেসার দেবাশিস মোহান্তি। কুম্বলের কীর্তি টেস্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে।
আনশুলের এমন পারফরম্যান্স হুট করে হয়ে যায়নি। ভারতের ঘরোয়া ক্রিকেটে গোটা বছরই দুর্দান্ত পারফর্ম করে তিনি আলোচনায় আছেন। এই বছর ভিজায় হাজারে ট্রফিতে (একদিনের ম্যাচের আসর) হারিয়ানার ঐতিহাসিক প্রথম শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি ১৭ উইকেট শিকার করে।
কিছুদিন আগে দুলিপ ট্রফিতে ভারতীয় ‘সি’ দলের হয়ে আট উইকেট শিকার করেন ভারত ‘বি’ দলের বিপক্ষে। গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ে তিনি ম্যাচ-সেরা হন তিন উইকেট নিয়ে। এরপর এবারের এই সাফল্য।
গত আইপিএলে তার অভিষেক হয় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। এবারের আইপিএলের নিলামেও নিশ্চয়ই তার ওপর চোখ থাকবে দলগুলির।