Published : 03 Jan 2026, 08:27 AM
ম্যাচ-সেরার দাবিদার ছিলেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফও। দারুণ বোলিং করেছেন দুজনই। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি পেলেন মাহমুদউল্লাহ। বিপিএলের একটি রেকর্ডে তিনি এগোলেন এক ধাপ।
সিলেট টাইটান্সের বিপক্ষে শুক্রবার রংপুর রাইডার্সের ৬ উইকেটের জয়ে ১৬ বলে ৩৪ রান করে ম্যান অব দা ম্যাচ হন মাহমুদউল্লাহ।
৩৯ বছর বয়সী ক্রিকেটার এই নিয়ে ১২ বার ম্যাচ-সেরা হলেন বিপিএল। পেছনে ফেলে দিলেন তিনি ১১ বার সেরা হওয়া তামিম ইকবালকে।
তামিম ম্যাচ খেলেছেন ১১৮টি। তাকে পেছনে ফেলতে মাহমুদউল্লাহর লাগল ১৮ ম্যাচ বেশি।
এই রেকর্ডের শীর্ষ নামটি অনুমিতই। বিপিএলে ১১৩ ম্যাচ খেলে ১৭ বার সেরার স্বীকৃতি পেয়েছেন সাকিব আল হাসান।
১৪৪ ম্যাচ খেলে ৮ বার সেরা হয়ে রেকর্ডের চারে মুশফিকুর রহিম।
৭ বার সেরা হয়ে যৌথভাবে পাঁচে আছেন ৮ ক্রিকেটার- রাভি বোপারা, ক্রিস গেইল, লিটন কুমার দাস, শেখ মেহেদি হাসান, দাভিদ মালান, মেহেদী হাসান মিরাজ, আন্দ্রে রাসেল ও শাহিদ খান আফ্রিদি।
এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে সব মিলিয়ে ২৪ বার ম্যাচ-সেরা হলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় তিনি দুইয়ে আছেন বেশ আগে থেকেই।
এখানেও এতদিন তার সঙ্গী ছিলেন তামিম ইকবাল। ২৩ বার সেরা হওয়া সাবেক ওপেনার এখন নেমে গেছেন তিনে।
শীর্ষে থাকা সাকিব আল হাসান সবার ধরাছোঁয়ার বাইরে। একই দিনেই আইএল টি-টোয়েন্টিতে ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে তার ৪৬তম ম্যান অব দা ম্যাচ স্বীকৃতি সেটি।
এছাড়া ১৭ বার সেরা হয়েছে মুশফিক, ১৪ বার করে লিটন ও শেখ মেহেদি।