বিশ্বকাপ বাছাই থেকে সরে দাঁড়ালেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার
ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন শন উইলিয়ামস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাই পর্বের শেষ ধাপে শন উইলিয়ামসকে পাচ্ছে না জিম্বাবুয়ে। ব্যক্তিগত কারণে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
৩৯ বছর বয়সী উইলিয়ামসের বদলি হিসেবে কিপার-ব্যাটসম্যান ক্লাইভ মাডান্ডেকে দলে যোগ করেছে জিম্বাবুয়ে।
দেশের হয়ে ৮৫ টি-টোয়েন্টি খেলা উইলিয়ামসকে না পাওয়া জিম্বাবুয়ের জন্য বড় ধাক্কা। এই সংস্করণে ১২৮.২৮ স্ট্রাইক রেটে ১ হাজার ৮০৫ রান করেছেন তিনি। নামের পাশে ফিফটি ১২টি।
বাঁহাতি স্পিনেও বেশ কার্যকর সবশেষ চলতি মাসেই নামিবিয়ার বিপক্ষে সিরিজে খেলা উইলিয়ামস। ৭৭ ইনিংসে ৪৯ উইকেট নিয়েছেন ওভারপ্রতি প্রায় সাত করে রান দিয়ে।
তার জায়গায় ডাক পাওয়া মাডান্ডে এই সংস্করণে সবশেষ মাঠে নামেন গত জুলাইয়ে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। এখন পর্যন্ত ৩৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মাডান্ডের রান ৪৬৩, স্ট্রাইক রেট ১১০.৫০।
জিম্বাবুয়েতে শুক্রবার শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের ‘ফাইনাল।’ দুই গ্রুপে ভাগ হয়ে খেলা আট দলের এই প্রতিযোগিতার শীর্ষ দুই দল জায়গা করে নেবে আসছে বৈশ্বিক আসরে। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারি-মার্চে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর।
বাছাইয়ের এই পর্বে ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ৫ উইকেটে হারিয়েছে তারা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তানজানিয়া ও বতসোয়ানা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসর খেলতে পারেনি জিম্বাবুয়ে বাছাই পর্ব উতরাতে না পেরে। এবার বিশ্ব মঞ্চে জায়গা পেতে স্বাভাবিকভাবেই মরিয়া সিকান্দার রাজার দল।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ট্রেভর গুয়ান্ডু, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টাশিঙ্গা মুসেকিওয়া, টিনোটেন্ডা মাপোসা, টনি মুনিয়োঙ্গা, ডিয়ন মেয়ার্স, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।
