২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মিলিত পারফরম্যান্সে শীর্ষে নিগারের দল

টানা চার জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে গেল নবাগত শেলটেক ক্রিকেট একাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 08:20 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

চমৎকার বোলিংয়ে প্রতিপক্ষকে অল্পতেই আটকে দিলেন জান্নাতুল মাওয়া, ফাহিমা খাতুনরা। ছোট লক্ষ্যে ঝড়ো ব্যাটিংয়ে শেলটেক ক্রিকেট একাডেমির অনায়াস জয় নিশ্চিত করলেন শারমিন সুলতানা, ইশমা তানজিমরা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন'স ক্রিকেট লিগে রোববার বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ৯ উইকেটে হারায় শেলটেক ক্রিকেট একাডেমি। বিকেএসপির ১ নম্বর মাঠে ১৩৭ রানের লক্ষ্য ২০.৪ ওভারেই ছুঁয়ে ফেলে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। 

প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উঠে আসা শেলটেকের টানা চতুর্থ জয় এটি। সমান চার ম্যাচ জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও গুলশান ইয়ুথ ক্লাব। তবে শ্রেয়তর রান রেটের সৌজন্যে এক নম্বরে উঠেছে শেলটেক।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মিতু খাতুনের উইকেট হারায় আনসার ও ভিডিপি। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন অরবিন তানি ও নাসিমা খাতুন।

দলের সর্বোচ্চ ৪৪ রান করে আউট হন তানি। এরপর নামে ধস। ১৯ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। ২১ রান করতে ৯৪ বল খেলেন নাসিমা। 

শেষ দিকে তিথি রানি সরকার ২৩ ও লিলি রানি বিশ্বাস ১৮ রান করলে কোনোমতে দেড়শর কাছে যায় আনসার ও ভিডিপি। 

শেলটেকের হয়ে ৩টি করে উইকেট নেন ফাহিমা ও মাওয়া। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ১৬ রানে ২ উইকেট নেন ফুয়ারা বেগম।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ১০২ রান যোগ করেন ইশমা ও শারমিন। ৮ চারে ৪৭ বলে ৪৮ রান করে আউট হন ইশমা। এ নিয়ে চার ম্যাচেই চল্লিশছোঁয়া ইনিংস খেললেন তিনি।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬২ রান করেন শারমিন। ৫৪ বলের ইনিংসে ১০টি চার মারেন তিনি। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।