২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব মৌসুম শুরুর জট কাটেনি, বিকল্প ভাবনায় বিসিবি

প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলেও অনিশ্চয়তা কাটেনি এখনও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2025, 09:06 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের নতুন শুরুর তারিখ অবশেষে ঠিক করা হয়ছে। আগামী ১১ ডিসেম্বর টুর্নামেন্টটি শুরু করতে চায় বিসিবি। তবে আদৌ তা হবে কি না, সংশয় আছে প্রবলভাবেই। সেই অনিশ্চয়তার মেঘ দেখতে পেয়ে বিকল্প পরিকল্পনাও করে রাখছে বোর্ড।

বিসিবি নির্বাচন নিয়ে ক্লাব সংগঠকদের সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের দ্বন্দ্বের কারণে থমকে আছে ঢাকার ক্লাব ক্রিকেট। প্রথম বিভাগ লিগ দিয়ে ক্লাব মৌসুম শুরুর কথা থাকলেও তা এখনও শুরু করা যায়নি। 

অচলাবস্থা কাটাতে শনিবার ক্লাবগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। লিগ শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)। তবে ঢাকার এতটি হোটেলে শনিবার বিসিবি কর্তারা ও কোয়াবের প্রতিনিধিরাসহ ক্রিকেটারদের অনেকে মিলিত হলেও উপস্থিত ছিলেন না ক্লাব ক্রিকেটের মৌসুম বয়কটের ঘোষনা দেওয়া ৭৬ ক্লাবের একটি বড় অংশের প্রতিনিধিরা।

সভা শেষে অবশ্য লিগ শুরুর ঘোষণা দেন বিসিবি সভাপতি আমিনুল। 

‘‘৫ ও ৬ তারিখ পর্যন্ত ক্রিকেটাররা দলবদলের সময় নেওয়া টোকেনগুলো সংগ্রহ করতে পারবেন। আশা করছি ক্লাবগুলো প্রথম বিভাগ লিগে অংশ নেবে। যারা এসেছে, তাদের সঙ্গে কোয়াবের আলোচনা হয়েছে। আমরা সম্ভবত এই বছরের ক্রিকেট মৌসুমটা মাঠে গড়াতে যাচ্ছি।”

প্রথম বিভাগ লিগের নতুন তারিখ ঘোষণা করা হলেও, মোট ২০ ক্লাবের মধ্যে দলবদলে অংশ নিয়েছে ১২টি। বাকি আট ক্লাবের মধ্যে তিন–চারটি টোকেন জমা দেয়নি। তবে বিসিবির সহ–সভাপতি ও সাবেক সভাপতি ফারুক আহমেদ নতুন তারিখে ক্লাবগুলোর অংশগ্রহণ নিয়ে বেশ আশার কথা শোনালেন। 

“দলবদল করে ফেলা ১২ দলের কথা বলছি আমরা, কিন্তু এখনো নিশ্চিত করে জানি না কত দল হবে। ১২টি দল সক্রিয়ভাবে টোকেন হস্তান্তর করেছে, তিন–চারটি দল এখনও টোকেন জমা দেয়নি। তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কী হবে। আমরা আশা করছি সর্বোচ্চ অংশগ্রহণ হবে। ডিসেম্বরের ৫–৬ তারিখের পরই বোঝা যাবে কতটি দল লিগে খেলতে নামছে।”

যদি টুর্নামেন্ট মাঠে গড়ায়, বাইলজ অনুযায়ী ২০ দলের মধ্যে পয়েন্ট টেবিলের শেষ দুই দল অবনমিত হবে আর দ্বিতীয় বিভাগের লিগে শীর্ষ দুই দল প্রথম বিভাগে উন্নীত হবে। তবে ২০ ক্লাবের মধ্যে মাত্র ১২টি ক্লাব অংশ নিলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যায় বাকি দলের ভবিষ্যত নিয়ে। ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হওয়া ফারুক আহমেদ বললেন, বাইলজ অনুযায়ী যা আছে, সেটাই কার্যকর হবে।

বিসিবি সভাপতি বুলবুল ও সহ–সভাপতি ফারুক আহমেদ জানান, নিজেদের সম্পর্ক ও সামর্থ্য কাজে লাগিয়ে তারা ঢাকার বড় ক্লাব আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন। যদিও তারা আশার কথা বলছেন, তবে শঙ্কার ছায়াও তাদের মনে আছে। এজন্যই বিকল্প ভাবনার কথাও জানিয়ে রাখলেন ফারুক আহমেদ।

“একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, খেলা তো হতে হবে। আজ, কাল বা পরশু পরিস্থিতি কী হবে, সেটা আমরা কেউই আগে থেকে বলতে পারি না। খেলা মাঠে না গড়ালে তিন মাস পরে কী পরিস্থিতি হবে, সেটাও কেউ জানি না। কিন্তু এই তিন মাস আমাদের হাত থেকে চলে যাবে। খেলোয়াড়দের স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে খেলাটা হওয়া খুব জরুরি। আমরা আশাবাদী, খেলা হবে। এরপর পরিস্থিতি সামনে কী হবে সেটা তখন বলা যাবে। কিন্তু আমরা এই সময়টা নষ্ট করতে চাই না।”

‘‘যে খেলোয়াড়গুলো সুযোগ পাবেন না, আমরা কোয়াবের সঙ্গে আলোচনা করেছি। আমরা চেষ্টা করছি কোনো ফলপ্রসূ কিছু করতে। সেটা হতে পারে এমনভাবে, যে খেলোয়াড়রা খেলার সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য ক্রিকেট বোর্ড একটি বিশেষ টুর্নামেন্ট চালু করতে পারি, যাতে কেউ খেলায় বঞ্চিত না হয়।’’

নির্বাচন নিয়ে বিতর্কে বিসিবির পরিচালনা পর্ষদ ও ক্লাব সংগঠকদের মধ্যে সম্পর্ক আপাতদৃষ্টিতে চরম মাত্রায় পৌঁছে গেলেও  ক্লাবগুলোর অনড় অবস্থানের পেছনে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন ফারুক। 

“এখানে কোনো অহংবোধের বিষয় নেই। এটা শুধু একটি এজেন্ডা। অনেক সময় অহংবোধে দুই দলের মধ্যে রেষারেষি দেখা দেয়, কিন্তু সেটা আসলে রেষারেষি নয়। একটি বিশেষ দল কোনো একটি বিশেষ বিষয় নিয়ে সংক্ষুব্ধ হয়েছে, যা ক্রিকেট সম্পর্কিত নয়।’’

“ক্লাবগুলোর প্রতি আমরা অত্যন্ত ঋণী। বাংলাদেশ ক্রিকেটে ক্লাবই একটি ভিত্তি। যে ক্লাবগুলো আজকে আমাদের ক্রিকেটের ভিত্তি গঠন করেছে, তাদের প্রতি আমাদের ঋণ শোধ করতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, আগামীতে কী হবে সেটা আমরা জানি না। কিন্তু যদি এই তিন-চার মাস খেলার সময় চলে যায়, পরে খেলা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সময় থাকবে না। তাই এই মুহূর্তে খেলাটা চালু করা খুব জরুরি।”