ইতিহাস গড়ার চ্যালেঞ্জ নিলেন ইংল্যান্ড অধিনায়ক
অস্ট্রেলিয়ায় জেতা যে খুবই কঠিন কাজ, সবাইকে সেটা মনে করিয়েও দিয়েছেন বেন স্টোকস।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ইংল্যান্ডের কেবল পাঁচটি দল অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিততে পেরেছে। গত ৪০ বছরে চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে স্রেফ দুইবার এই স্বাদ পেয়েছে তারা। সবশেষ দেড় দশক আগে। দীর্ঘ অপেক্ষার ইতি টানতে মরিয়া হয়ে আছে ইংলিশরা। আরেকটি সিরিজের আগে সতীর্থদের ইতিহাস গড়ার চ্যালেঞ্জ দিয়েছেন দলটির অধিনায়ক বেন স্টোকস।
১৯৮৭ সালের পর কেবল একবারই অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড, ২০১০-১১ মৌসুমে ৩-১ ব্যবধানে। ওই সিরিজের পর তাসমান সাগর পারের দেশটিতে আর কোনো টেস্ট ম্যাচই জিততে পারেনি ইংলিশরা।
গত আট বছর ধরে অ্যাশেজ সিরিজের ট্রফি, বিখ্যাত সেই ‘ছাইদানি’ অস্ট্রেলিয়ার কাছে। সবশেষ ২০২৩ সালে ঘরের মাঠে সেটি পুনরুদ্ধারের সম্ভাবনা জাগিয়েও পারেনি ইংল্যান্ড। ২-২ সমতায় সিরিজ শেষ করে ট্রফি ধরে রাখে অস্ট্রেলিয়া।
পার্থে শুক্রবার শুরু হচ্ছে আরেকটি ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। আগের দিন সংবাদ সম্মেলনে স্টোকস মেনে নিলেন অস্ট্রেলিয়ায় তাদের বাজে রেকর্ডের কথা।
“দেখুন, অস্ট্রেলিয়ায় এসে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা (খুব কঠিন)। তারা খুবই ভালো দল এবং আমি, আমাদের দল ও আপনারা সবাই জানেন যে, অ্যাশেজ সিরিজের ইতিহাসে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মাটিতে রেকর্ড ভালো নয়। তবে আগামী আড়াই মাসে এখানে নিজেদের ইতিহাস লেখার সুযোগ আমাদের সামনে।”
“আমরা অবশ্যই এখানে একটি লক্ষ্য নিয়ে এসেছি এবং সেই লক্ষ্য হলো, অ্যাশেজ জয়ী দল হয়ে জানুয়ারির মাঝামাঝি সময়ে বিমানে ওঠা, ইংল্যান্ডে ফিরে যাওয়া। তবে আমরা জানি এটা খুব কঠিন হবে। কঠিন হবে, কারণ অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে হারানো সহজ কাজ নয়।”
অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ব্রিজবেনে, শুরু ৪ ডিসেম্বর। পরের তিন ম্যাচ শুরু হবে যথাক্রমে ১৭ ও ২৬ ডিসেম্বর এবং ৪ জানুয়ারি; ভেন্যু যথাক্রমে অ্যাডিলেইড, মেলবোর্ন ও সিডনিতে।
