২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির রাজত্বের ফাঁকেই সোধির রেকর্ড

৯ ওভারে কমিয়ে আনা ম্যাচে খেলা হয়েছে কেবল ২.১ ওভার।

মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টির রাজত্বের ফাঁকেই সোধির রেকর্ড
বে ওভালে বৃষ্টির হানা। ছবি: ব্ল্যাকক্যাপস এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 03:51 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

বে ওভালে বিকাল থেকে শুরু হয় বৃষ্টি। তাতে শঙ্কা জাগে ম্যাচ মাঠে গড়ানো নিয়ে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশ্য খেলা শুরু হয়। কিন্তু প্রকৃতির বাগড়ায় শেষ পর্যন্ত ভেস্তে যায় অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের লড়াই।

মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা হয়েছে কেবল ২.১ ওভার। যেখানে ১ উইকেট হারিয়ে ১৬ রান করেছে অস্ট্রেলিয়া।

বিরূপ আবহাওয়ায় ম্যাচের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। তবুও অনেকটা সময় চলে অপেক্ষার পালা। এক পর্যায়ে বৃষ্টি থামলে জাগে সম্ভাবনা। ১৮ ওভারে কমিয়ে আনা ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা।

কিছুক্ষণ পর আবার হানা দেয় বৃষ্টি। তাতে মাঠে নামার অপেক্ষায় দীর্ঘ হয় আরও। শেষ পর্যন্ত ৯ ওভারের ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায়।

ম্যাট হেনরির প্রথম ওভারে ২ রান নিতে পারে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারের প্রথম ওভারে জ্যাকব ডাফিকে চার মারের পরের বলে ক্যাচ দিয়ে ফেরেন ট্রাভিস হেড। ওই ওভারে কিউই পেসারকে ছক্কায় ওড়ান মিচেল মার্শ।

আবার বৃষ্টি নামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

এই ম্যাচ খেলতে নেমে একটি রেকর্ড গড়েন ইশ সোধি। নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার এখন এই লেগ স্পিনার, ১২৭টি। ছাড়িয়ে যান তিনি সাবেক অধিনায়ক ও তারকা পেসার টিম সাউদিকে।

প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। একই মাঠে তৃতীয় ও শেষ ম্যাচ শনিবার।