২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

চোটের সঙ্গে লড়াইয়ে হার মেনে অবসরে ইংল্যান্ডের গতি তারকা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও গণমাধ‍্যমে কাজ করার পাশাপাশি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় খেলতে চান এই ফাস্ট বোলার।

চোটের সঙ্গে লড়াইয়ে হার মেনে অবসরে ইংল্যান্ডের গতি তারকা

অবশেষে থেমেই গেলেন মার্ক উড। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 03:49 PM

Updated : 22 Sep 2026, 03:55 PM

দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন মার্ক উড। গণমাধ‍্যমে কাজ করার পাশাপাশি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোয় খেলতে চান অভিজ্ঞ এই পেসার।

৩৬ বছর বয়সী উড ইংল‍্যান্ডের হয়ে ১৪৬টি আন্তর্জাতিক ম‍্যাচে ২৫৩ উইকেট নিয়েছেন। দেশের ইতিহাসে সবচেয়ে গতিময় পেসারদের একজন এবং অ‍্যাশেজ (২০১৫), ওয়ানডে বিশ্বকাপ (২০১৯) ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (২০২২) হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

২০২৫ সালে চ‍্যাম্পিয়ন্স ট্রফিতে হাঁটুতে চোট পাওয়ার পর কেবল একটি টেস্ট খেলতে পেরেছেন উড, গত শীতে অ‍্যাশেজের প্রথম ম‍্যাচে। এরই মধ‍্যে দারুণ একজন ব্রডকাস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ডারহ‍্যামে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ইংল‍্যান্ডের প্রথম ওয়ানডেতে কাজ শুরুর আগে অবসরের ঘোষণা দিলেন উড।

আপাতত ডারহ‍্যামের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা চালিয়ে যাবেন উড। গণমাধ‍্যমে কাজ করার পাশাপাশি সময়-সুযোগ পেলে খেলবেন ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে। লেভেল থ্রি কোচিংয়ের জন‍্য পড়াশোনাও করছেন তিনি। ২০২৩ সালে তিন বছরের জন‍্য ইংল‍্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই করেছিলেন উড, যার মেয়াদ শেষ হবে আগামী সপ্তাহে। ইসিবি চুক্তির মেয়াদ বাড়ানোর কোনো প্রস্তাব দেবে না, জানার পর অবসরের সিদ্ধান্ত নেন তিনি।

২০১৫ সালের ৮ মে আয়ারল‍্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় উডের। দ্রুতই খেলে ফেলেন তিন সংস্করণে। চোটের জন‍্য খুব বেশি ম‍্যাচ খেলার সুযোগ যদিও পাননি। তবে যখন খেলেছেন, সবসময়ই নিজের সামর্থ‍্য দেখিয়েছেন তিনি।