২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভ: মুশফিকের সেঞ্চুরিতে দারুণ এক দিন

চতুর্থ দিনের খেলা শেষে ৯৪ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 10:47 AM

Updated : 10 Sep 2026, 12:15 PM

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ ডিক্লে.

বাংলাদেশ ১ম ইনিংস: ৫৬৫

পাকিস্তান ২য় ইনিংস: ১০ ওভারে ২৩/১

মুশফিকের সেঞ্চুরিতে দারুণ এক দিন

অনেক রেকর্ড গড়া ইনিংসে স্রেফ ৯ রানে ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ থাকছে মুশফিকুর রহিমের। তবে তার দৃঢ়তায় এবং মেহেদী হাসান মিরাজের সঙ্গে দৃঢ়তা ভরা জুটিতে রাওয়ালপিন্ডি টেস্টে সুবিধানজনক অবস্থানে আছে বাংলাদেশ।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৩। এখনও ৯৪ রানে পিছিয়ে রয়েছে তারা।

২৬ বলে এক চারে ৯ রানে খেলছেন অধিনায়ক শান মাসুদ। ওপেনার আব্দুল্লাহ শাফিক ৩১ বলে এক চারে করেছেন ১২ রান।

একমাত্র উইকেটটি নিয়েছেন শরিফুল ইসলাম। উইকেটে পেসারদের জন‍্য এখনও খুব বেশি কিছু নেই। তবে স্পিনাররা টার্ন ও বাউন্স পেয়েছেন। দুয়েকটা বল নিচুও হয়েছে।

পঞ্চম দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন সাকিব আল হাসান ও মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩১৬/৫) ১৬৭.৩ ওভারে ৫৬৫ (মুশফিক ১৯১, লিটন ৫৬, মিরাজ ৭৭, হাসান ০, শরিফুল ২২, রানা ১*; আফ্রিদি ৩০-৩-৮৮-২, নাসিম ২৭.৩-৬-৯৩-৩, শাহজাদ ২৯-৩-৯০-২, আলি ৩১-৪-৮৮-২, সালমান ৪১-৩-১৩৬-০, আইয়ুব ৭-১-৩৪-১, শাকিল ২-০-৯-০)

পাকিস্তান ২য় ইনিংস: ১০ ওভারে ২৩/১ (শাফিক ১২*, আইয়ুব ১, মাসুদ ৯*; শরিফুল ৫-২-১৩-১, হাসান ৫-২-৯-০)

শুরুতেই শরিফুলের আঘাত

শতরানের লিড নেওয়া বাংলাদেশ বোলিংয়ে শুরুতেই পেল সাফল‍্য। ১৪ বলের মধ‍্যে ভাঙল পাকিস্তানের উদ্বোধনী জুটি।

শরিফুল ইসলামের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন সাইম আইয়ুব। মাঝ ব‍্যাটে নিতে পারেননি তিনি। ব‍্যাটের কানায় লেগে সহজ ক‍্যাচ যায় লিটন দাসের গ্লাভসে।

৩ বল খেলে ১ রান করেন আইয়ুব।

৩ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৫। ক্রিজে আব্দুল্লাহ শাফিকের সঙ্গী শান মাসুদ।

১১৭ রানের লিড

তেড়েফুড়ে মারতে গিয়ে ক‍্যাচ দিলেন শরিফুল ইসলাম। আব্দুল্লাহ শাফিক সেটা মুঠোয় নিতেই শেষ হল বাংলাদেশের প্রথম ইনিংস।

মুশফিকুর রহিমের সেঞ্চুরি, সাদমান ইসলাম, লিটন দাস ও মুমিনুল হকের ফিফটিতে বাংলাদেশ লিল ১১৭ রানের লিড।

পাকিস্তানের বড় সংগ্রহের জবাবে দেশটির বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ৫৬৫ রান করল বাংলাদেশ।

মুশফিকের বিদায়ের পর কেবল ৩৭ রান যোগ করতে পারল সফরকারীরা। এর বেশিরভাগ করলেন শরিফুল। দুটি করে ছক্কা ও চারে তার রান ১৪ বলে ২২।

৩টি উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার নাসিম শাহ। দুটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলি ও খুররম শাহজাদ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে)

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩১৬/৫) ১৬৭.৩ ওভারে ৫৬৫ (মুশফিক ১৯১, লিটন ৫৬, মিরাজ ৭৭, হাসান ০, শরিফুল ২২, রানা ১*; আফ্রিদি ৩০-৩-৮৮-২, নাসিম ২৭.৩-৬-৯৩-৩, শাহজাদ ২৯-৩-৯০-২, আলি ৩১-৪-৮৮-২, সালমান ৪১-৩-১৩৬-০, আইয়ুব ৭-১-৩৪-১, শাকিল ২-০-৯-০)

মিরাজের বিদায়ে শেষের কাছে বাংলাদেশের ইনিংস

জীবন পেলেও সেটা কাজে লাগাতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। ধরা পড়লেন সেই আঘা সালমানের হাতেই।

শাহিন শাহ আফ্রিদির বলে মিরাজের ব‍্যাটে কানা ছুঁয়ে আসা ক‍্যাচ স্লিপে জমান সালমান। ১৭৯ বলে ৬ চারে ৭৭ রান করে ফেরেন মিরাজ।

১৬৭ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৫৬৪। পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের সর্বোচ্চ। টেস্টে নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

পাকিস্তানের বিপক্ষে আগের সর্বোচ্চ ২০১৫ সালে খুলনায় করা ৬ উইকেটে ৫৫৫ রান।

ক্রিজে শরিফুল ইসলাসের সঙ্গী নাহিদ রানা।

লিড একশ ছাড়িয়ে

ক্রিজে এসে ছক্কা মেরেছেন শরিফুল ইসলাম। পরে তার ব‍্যাট থেকে এসেছে একটি চার। বাউন্ডারি মেরেছেন মেহেদী হাসান মিরাজও। তাদের ব‍্যাটে একশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড।

১৬৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৫৫৭। ৭৭ রানে ব‍্যাট করছেন মিরাজ। শরিফুল রান ১৬।

বাংলাদেশ এগিয়ে ১০৯ রানে।

ফিরলেন হাসান, জীবন পেলেন মিরাজ

তৃতীয় নতুন বল নিয়েই শাহিন শাহ আফ্রিদিকে আক্রমণে আনলেন শান মাসুদ। সেটা কাজেও লেগে যাচ্ছিল। বাঁহাতি পেসার সুযোগ তৈরি করেছিলেন কিন্তু মেহেদী হাসান মিরাজের সহজ ক‍্যাচ নিতে পারলেন না আঘা সালমান।

সে সময় ৬৯ রানে ছিলেন মিরাজ।

কাভার ড্রাইভ করেছিলেন এই অলরাউন্ডার। কিন্তু টাইমিং করতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় তৃতীয় স্লিপে। সেখানে সুযোগ কাজে লাগাতে পারেননি সালমান।

সেই ওভারেই অবশ‍্য সাফল‍্য পেলেন আফ্রিদি। বাঁহাতি এই পেসারের বল উড়িয়ে মারার চেষ্টায় কট বিহাইন্ড হন হাসান মাহমুদ। ১৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

১৬৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪৩৪।  ক্রিজে মিরাজের সঙ্গী শরিফুল ইসলাম।

বাংলাদেশ এখন ৮৬ রানে এগিয়ে।

মুশফিক-মিরাজের জুটিতে রেকর্ড

মুশফিবুর রহিম ও মেহেদী হাসান মিরাজের ব‍্যাটে সপ্তম উইকেটে প্রথম দেড়শ রানের জুটি দেখেছে বাংলাদেশ। দুই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জুটিতে দেড়শ এসেছে ২৬৭ বলে।

টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সেরা ছিল ১৪৫। ২০১০ সালে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে হ‍্যামিল্টন টেস্ট করেছিলেন সাকিব আল হাসান মাহমুদউল্লাহ।

মুশফিককে দারুণ সঙ্গ দেওয়ার পথে নিজের সপ্তম ফিফটির দেখা পেয়েছেন মিরাজ, ১২০ বলে। তাদের জুটিতে ক্রমেই বাড়ছে বাংলাদেশের লিড।

জীবন পেলেন মুশফিক

বাবর আজমের ব‍্যর্থতায় বেঁচে গেলেন মুশফিকুর রহিম। উইকেটের জন‍্য অপেক্ষা বাড়ল পাকিস্তানের।

আঘা সালমানের বাড়তি বাউন্স ও টার্ন করা বল ঠিক মতো খেলতে পারেননি মুশফিক। গ্লাভসে লেগে আসা ক‍্যাচ লেগ স্লিপে নিতে পারেননি বাবর। সে সময় ১৫০ রানে ছিলেন মুশফিক।

১৪২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৪৭২। ১৫২ রানে খেলছেন মুশফিক, মেহেদী হাসান মিরাজের রান ৪৮।

তামিমকে ছাড়িয়ে মুশফিক

দেশের বাইরে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তিতে দীর্ঘ দিনের সতীর্থ তামিম ইকবালকে ছাড়িয়ে ছাড়িয়ে গিয়েছেন আগেই। এবার দেশের বাইরে বাংলাদেশের কোনো ব‍্যাটসম‍্যানের সর্বোচ্চ রানের রেকর্ডও নিজের করে নিলেন মুশফিকুর রহিম।

আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম টেস্টে ২ হাজার ৩২৯ রান করেছিলেন দেশের বাইরে। সালমান আঘার বলে সিঙ্গেল নিয়ে সেটি ছাড়িয়ে গেলেন মুশফিক।

পিন্ডি টেস্টের শুরুর আগে ১৩৯ রানে পিছিয়ে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসেই সেই ব‍্যবধান গুছিয়ে দিলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

১৩৯ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৪৬১। ২৭৯ বলে ১৮ চারে ১৪৭ রানে খেলছেন মুশফিক। দুই চারে ১০৫ বলে মেহেদী হাসান মিরাজের রান ৪২।

বাংলাদেশ এখন ১৩ রানে এগিয়ে।

মুশফিক-মিরাজের জুটিতে একশ

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। জুটিতে একশ ছুঁয়ে দলকে তারা রেখেছেন লিডের পথে।

সালমান আঘার বলে  প‍্যাডল সুইপে মুশফিকের চারে জুটির রান স্পর্শ করে তিন অঙ্ক ১৮৭ বলে। এর আগে তাদের পঞ্চাশ এসেছিল ৮৮ বলে।

১৩২ বলে ৬ উইকেটে বাংলাদেশের রান ৪৩৩। পাকিস্তানের চেয়ে কেবল এখন ১৫ রানে পিছিয়ে সফরকারীরা।

২৫৬ বলে ১৭ চারে ১৩০ রানে খেলছেন মুশফিক। তাকে সঙ্গ দিয়ে যাওয়া মিরাজের রান ৮৬ বলে দুই চারে ৩১।

বাংলাদেশের চারশ, বিদেশের মাটিতে দশম

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ব‍্যবধান কমিয়ে আনছে বাংলাদেশ। ১২২তম ওভারে দলের রান স্পর্শ করেছে চারশর ঠিকানা।

বিদেশে এ নিয়ে দশমবার কোনো টেস্টে চারশ স্পর্শ করেছে বাংলাদেশের রান।

৫৮ বলে দুই চারে ২২ রানে খেলছেন মিরাজ। ২২৪ বলে ১৩ চারে মুশফিকের রান ১০৮।

সাকিবকে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিস

হত্যা মামলার আসামি হওয়ার পর সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী।

পাকিস্তানের বিপক্ষে চলমান পিন্ডে টেস্ট খেলছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব। শনিবার চলছে ম‍্যাচের চতুর্থ দিনের খেলা।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ আলম।

নোটিসে বলা হয়েছে, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ফৌজদারি মামলা হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেটের যেকোনো সংস্করণ থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

তাকে অতিসত্ত্বর দেশে ফিরিয়ে এনে হত্যা মামলার তদন্তে সহায়তা করতে উদ্যোগ নিতে হবে এবং বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করতে হবে বলে নোটিসে বলা হয়েছে।

হত‍্যা মামলায় সাবেক অধিনায়কের নাম আসার পর বিসিবি কিংবা টিম ম‍্যানেজমেন্ট এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব‍্য করেনি।  

বাংলাদেশের আরেকটি ভালো সেশন

চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কাটিয়ে দিয়েছেন শুরুর কঠিন সময়। বলের বল বল ডট খেলেছেন। পরে আলগা বল পেলেই মেরেছেন বাউন্ডারি। লিটন দাসের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে গড়েছেন প্রতিরোধ। টেস্ট ক‍্যারিয়ারের একাদশ ও দেশের বাইরে নিজের পঞ্চম সেঞ্চুরিতে দলকে চারশ রানের কাছে নিয়ে গেছেন মুশফিকুর রহিম।

পিন্ডি টেস্টের চতুর্থ দিন মধ‍্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৮৯। ২০৮ বলে ১২ চারে ১০১ রানে ব‍্যাট করছেন মুশফিক।

তার সঙ্গে ৯৭ বলে ৫৭ রানের জুটি উপহার দিয়েছেন মিরাজ। এই অফ স্পিনিং অলরাউন্ডার ৪৪ বলে দুই চারে খেলছেন ১৭ রানে।

৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তানের চেয়ে এখন ৫৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

শুরুতে লিটনকে হারানো বাংলাদেশ প্রথম সেশনে ২৫ ওভারে যোগ করেছে ৭৩ রান।

খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি পাকিস্তান। ব‍্যাটসম‍্যানদের ভাবাতে পারেনি খুব একটা। দিনের শুরুতে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন মুশফিক। পরে নাসিম শাহর বাড়তি লাফানো বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন লিটন। এটাই প্রথম সেশনে স্বাগতিকদের একমাত্র সাফল‍্য।

পাকিস্তানের বিপক্ষে মুশফিকের প্রথম

দারুণ ব‍্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ক‍্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম, ২০০ বলে।

একাদশতম এই সেঞ্চুরির সৌজন‍্যে তামিম ইকবালকে (১০) ছাড়িয়ে গেলেন মুশফিক। দেশের হয়ে তারচেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হকের (১২)।

সাইম আইয়ুবকে আগের ওভারে টানা দুটি চার মেরে নিজের পাকিস্তানের বিপক্ষে নিজের আগের সর্বোচ্চ ৯১ ছাড়িয়ে যান মুশফিক। আঘা সালমানের বলে পরের ওভারে দুই রান নিয়ে পৌঁছান তিন অঙ্কে।

ওই রানেই মেহেদী হাসান মিরাজের সঙ্গে তার সপ্তম উইকেট জুটি স্পর্শ করে পঞ্চাশ, ৮৮ বলে।

লিটনের বিদায়ে ভাঙল শতরানের জুটি

একটু বাড়তি বাউন্সই হয়তো কাল হল লিটন দাসের জন‍্য। কাট করার চেষ্টায় কিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়লেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।

নাসিম শাহর ডেলিভারি শরীরের বেশ কাছেই ছিল। একটু বাড়তি বাউন্সও করেছিল। তবুও কাট করার চেষ্টা করেন লিটন। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানায় লেগে যায় রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ১৭১ বল স্থায়ী ১১৪ রানের জুটি।

৭৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন লিটন। এদিন মাত্র ৪ রান যোগ করতে পারেন তৃতীয় দিন দারুণ ব‍্যাটিং করা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

১০১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৩২। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

এখনও ১১৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিক

একটু নিচু হয়ে ভেতরে ঢোকা বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিকুর রহিম। সে সময় ৫৯ রানে ছিলেন তিনি।

মোহাম্মদ আলির বল একটু পিছিয়ে গিয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। বলের লাইনে যেতে পারেননি তিনি, ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প‍্যাডে। পাকিস্তানের জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার।

লিটন দাসের সঙ্গে একটু কথা বলে শেষ সময়ে রিভিউ নেন মুশফিক। বল ট্র‍্যাকিংয়ে দেখা যায়, বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। বেঁচে যান অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

৯৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩২৫। এখনও ১২৩ রানে পিছিয়ে সফরকারীরা।

মুশফিক-লিটনের জুটিতে একশ

দিনের শুরুতে একটু সাবধানী মুশফিকুর রহিম ও লিটন দাস। খেলার চেয়ে ছাড়ছেন বেশি। এর মধ‍্যে দুটি সিঙ্গলসে পূরণ করেছেন জুটির শতরান, ১২৮ বলে।

৯৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩১৯। ১২৯ বলে ৭ চারে ৫৫ রানে খেলছেন মুশফিক। ৬৩ বলে ৮ চার ও ১ ছক্কায় লিটনের রান ৫৪।

এখনও ১২৯ রানে পিছিয়ে বাংলাদেশ।

তৃতীয় দিন শেষে ম‍্যাচ যেখানে দাঁড়িয়ে

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে সাদমান ইসলামের ৯৩ রানের ইনিংসের পর মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে পাকিস্তানের সঙ্গে ব‍্যবধান অনেকটাই কমিয়ে এনেছে বাংলাদেশ। মুশফিক ও লিটন এখনও অপরাজিত থাকায় লিডের আশাও করছে সফরকারীরা। 

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের রান ৯২ ওভারে ৫ উইকেটে ৩১৬। এখনও ১৩২ রানে পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল। 

রাওয়ালপিন্ডিতে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল পৌনে ১১টায়। 

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ১২২ বলে ৭ চারে ৫৫ রানে খেলছেন অভিজ্ঞ মুশফিক। আগ্রাসী ব‍্যাটিংয়ে ৫৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন কিপার-ব‍্যাটসম‍্যান লিটন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তারা ১১৮ বলে গড়েছেন ৯৮ রানের জুটি। 

এখনও ব‍্যাটিংয়ের অপেক্ষায় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এরপর আসবেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

তৃতীয় দিন ৮০ ওভার বোলিং করে কেবল ৫ উইকেট নিতে পেরেছে পাকিস্তান। তিনবার ব‍্যর্থ হয়ে হারিয়েছে সব রিভিউ। 

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):

পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ (ডিক্লে) 

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২৭/০) ৯২ ওভারে ৩১৬/৫ (সাদমান ৯৩, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, মুশফিক ৫৫*, লিটন ৫২*; আফ্রিদি ১৮-৩-৫৫-০, নাসিম ২০-৪-৭৭-১, শাহজাদ ১৯-৩-৪৭-২, আলি ১৫-২-৪২-১, সালমান ১৫-১-৫৩-০, আইয়ুব ৫-১-২৩-১)