Published : 01 Sep 2026, 08:40 PM
ইংল্যান্ড সফরের শেষ টেস্টের আগে দলে আমূল পরিবর্তন এনেছে পাকিস্তান। সাতজন ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে তারা। এজবাস্টনের টেস্টের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচজনকে স্কোয়াডে যোগ করেছে দলটি।
শুধু তাই নয়, পাকিস্তানের টেস্ট দলের কোচিং প্যানেলেও বদল এসেছে। সারফারাজ আহমেদকে সরিয়ে মাইক হেসনকে টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে তারা।
এছাড়া, বোলিং কোচ উমার গুলকেও সরিয়ে দিয়েছে পাকিস্তান। সেই দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাশলি নফকে। হেসন ও নফ পাকিস্তানের সাদা বলের দলের প্রধান কোচ ও বোলিং কোচ।
টেস্ট দলে থেকে বাদ পড়া সাতজন হলেন- মোহাম্মাদ রিজওয়ান, ইমাম-উল-হাক, সালমান আলি আগা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফার ও খুররাম শাহজাদ।
সিরিজের ও তৃতীয় টেস্টের আগে দলে যোগ দেবেন আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান, রাজাউল্লাহ, সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজাল। এদের মধ্যে মোহাম্মাদ ইমরান, রাজাউল্লাহ, সাদ বেগ, মোহাম্মদ ইমরান জুনিয়র এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন আরাফাত মিনহাস।
ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে লিডসে ইনিংস ও ১০৩ রানে হারে পাকিস্তান। পরে লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে পরাজয়ের তেতো স্বাদ পায় তারা। এমন হতশ্রী পারফরম্যান্সের পর দল ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বার্মিংহ্যামে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি শুরু আগামী ৯ সেপ্টেম্বর।
বার্মিংহ্যাম টেস্টের পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ ফাজাল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মদ আলি, মুহাম্মাদ ইমরান, মোহাম্মাদ ইমরান জুনিয়র, মুহাম্মাদ গাজী ঘরি (উইকেটকিপার), রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সাজিদ খান, সাউদ শাকিল, শান মাসুদ, উবাইদ শাহ।