১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

২ বছর পর ইংল্যান্ড দলে লরেন্স, ফিরলেন পোপ-কার্সও

চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে জেকব বেথেলকে পাচ্ছেন না ইংলিশরা।

২ বছর পর ইংল্যান্ড দলে লরেন্স, ফিরলেন পোপ-কার্সও
ড্যান লরেন্স। ছবি: লরেন্সের ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2026, 05:25 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

কাউন্টি চ্যাম্পিয়নশিপের আলো ঝলমলে পারফরম্যান্স ড্যান লরেন্সের জন্য খুলে দিয়েছে জাতীয় দলের দুয়ার। দীর্ঘ দুই বছর পর দেশের প্রতিনিধিত্ব করার হাতছানি তার সামনে। তার সঙ্গে অলি পোপ ও ব্রাইডন কার্সকে ফিরিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল সাজিয়েছে ইংল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটির জন্য বৃহস্পতিবার ১৬ জনের দল ঘোষণা করেছে ইংলিশরা। বেন স্টোকসের অবসরের পর, এই সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে ইংল্যান্ডের স্থায়ী টেস্ট অধিনায়কের দায়িত্ব শুরু করবেন জো রুট।

ইংল্যান্ড টেস্ট দলের নতুন প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং দল নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়কের সঙ্গে ছিলেন মার্কাস ট্রেসকোথিকও, যিনি আগামী ডিসেম্বরে ফ্লেমিং দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ থাকবেন।

দলে ফেরা লরেন্স ১৪ টেস্টের ক্যারিয়ারের সবশেষ তিন ম্যাচেই ওপেনার হিসেবে খেলেন, ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ধারণা করা হচ্ছে, এবার ছয় নম্বরে খেলানো হতে পারে তাকে।

সাদা পোশাকের ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন ২৯ বছর বয়সী লরেন্স। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি; ৬৫.৬৬ গড় ও ৮০.৪০ স্ট্রাইক রেটে করেছেন ৭৮৮ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে এই মৌসুমে লরেন্সের ৫টি সেঞ্চুরি সর্বোচ্চ। এছাড়া তার অফ স্পিনও বেশ কার্যকর। আর সেটা ইংল্যান্ডকে একাদশে অতিরিক্ত একজন পেসার খেলানোর সুযোগ করে দিতে পারে। স্কোয়াডে অবশ্য মূল স্পিনার হিসেবে আছেন শোয়েব বাশির।

বাজে ফর্মের কারণে গত অ্যাশেজের মাঝপথে ইংল্যান্ড দলে জায়গা হারান পোপ। ৬৪ টেস্টে ৩ হাজার ৭৩২ রান করা সাবেক সহ-অধিনায়ককে বিকল্প কিপার-ব্যাটসম্যান হিসেবে দলে ডেকেছে ইংল্যান্ড।

আর কনুই ও কব্জির চোটে ঘরোয়া মৌসুমের শুরুতে খেলতে না পারা কার্স এখন খেলেছেন দা হান্ড্রেডে। এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলে ৫৮ উইকেট নেওয়ার এই পেসার এবার টেস্ট দলে ফিরিয়েছে ইংল্যান্ড। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে সবশেষে দেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলা ডানহাতি পেসার স্যাম কুকও ডাক পেয়েছেন। গত জুনে নিউ জিল্যান্ডের বিপক্ষে লর্ডসে প্রথম টেস্টে ৭ উইকেট নিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেও, সিরিজের শেষ দুই টেস্টে সুযোগ পাননি অলি রবিনসন। ২১ টেস্ট খেলা এই পেসার আছেন এই সিরিজে।

স্টোকসের বিদায়ে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে স্যাম কারানের প্রত্যাবর্তনের বিষয়টিও বিবেচনায় ছিল। তবে চোট জর্জরিত গ্রীষ্ম কাটানোর পর তাকে এখনও টেস্ট ক্রিকেটে ফেরার মতো শারীরিকভাবে প্রস্তুত মনে করেনি নির্বাচকরা। আর গত জুনে ওভাল টেস্টে অভিষেক হওয়া জেমস রু ও সনি বেকারকে এবার স্কোয়াডে রাখা হয়নি।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুতে চোট পাওয়ায় চলমান একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে খেলছেন না জেকব বেথেল। পাকিস্তান সিরিজে তাকে পাওয়ার আশায় ছিল ইংলিশরা। কিন্তু এখনও সেরে না ওঠায় দলে রাখা হয়নি তাকে।

ইংল্যান্ড দলের নির্বাচক মার্কাস নর্থ বলেছেন, বেথেল না থাকায় তিন নম্বরে ব্যাটিং করবেন জর্ডান কক্স। গত জুনে টেস্ট অভিষেক হওয়া এই কিপার-ব্যাটসম্যান এখন পর্যন্ত এই সংস্করণে একটি ম্যাচই খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৪ ম্যাচে ৪ হাজার ১৪৫ রান করেছেন তিনি ৪৩.১৭ গড়ে। নামের পাশে আছে ১২ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে। 

দল দুটির প্রথম টেস্ট শুরু আগামী ১৯ অগাস্ট, হেডিংলিতে। আর লর্ডসে দ্বিতীয়টি ২৭ অগাস্ট। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু ৯ সেপ্টেম্বর, এজবাস্টনে।

পাকিস্তান সিরিজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, অলি পোপ, অলি রবিনসন, জেমি স্মিথ, জশ টাং।