২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খরুচে বোলিংয়ে সাকিবের ৩ উইকেট

বাঁহাতি স্পিনে ওভারপ্রতি ১০.৭৫ করে রান দিয়েছেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার।

খরুচে বোলিংয়ে সাকিবের ৩ উইকেট
জাফনা কিংসের অধিনায়ক ভানুকা রাজাপাকসের (বাঁয়ে) সঙ্গে সাকিব আল হাসান। ছবি: জাফনা কিংসের ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 11:42 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

প্রথম তিন ওভার শেষে দারুণ ছিল সাকিব আল হাসানের বোলিং ফিগার। কিন্তু নিজের চতুর্থ ওভারে অকাতরে রান দেওয়ায় সেটি হয়ে গেল খরুচে। তিনটি উইকেট নিয়ে অবশ্য দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএলে) বৃহস্পতিবার নিজের সেরা বোলিং উপহার দেন সাকিব। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ৪৩ রান খরচ করে তিন শিকার ধরেন জাফনা কিংসের তারকা অলরাউন্ডার। শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগে তার আগের সেরা বোলিং ছিল ১০ রানে ২ উইকেট, ২০২৩ আসরে।

এবারের এলপিএলে নিজের প্রথম ম্যাচে ১২ রানে দুই শিকার ধরেছিলেন সাকিব। চার ম্যাচ পর আবার পেলেন একাধিক উইকেট। আগের ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।

ব্যাট হাতে এদিন খুব একটা ভালো করতে পারেননি সাকিব। ছয়ে নেমে ১৬ বল খেলে অপরাজিত থাকেন ২২ রান করে। মারেন একটি করে চার ও ছয়। আরেক বাংলাদেশি তাওহিদ হৃদয়ও ছিলেন না সেরা চেহারায়। একটি করে ছয় ও চারে ১৬ বলে তিনি করেন ২১ রান।

সম্মিলিত চেষ্টায় ৬ উইকেটে ২২১ রান তোলে জাফনা। পরে বোলারদের নৈপুণ্যে ক্যান্ডিকে ২০০ রানে গুটিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় তারা।

ম্যাচে জাফনার সেরা বোলার দুনিথ ওয়েলালাগে। স্রেফ ১১ রান দিয়ে ৩ উইকেট নেন লঙ্কান স্পিনিং অলরাউন্ডার। দুটি করে প্রাপ্তি দিলশান মাদুশাঙ্কা ও জাহুর খানের।

রান তাড়ায় শুরুটা দারুণ করে ক্যান্ডি। প্রথম তিন ওভারে দশের বেশি করে তোলে রান। চতুর্থ ওভারে আক্রমণে জাফনাকে সাফল্য এনে দেন সাকিব।

ওই ওভারের শুরুটা অবশ্য ভালো ছিল না তার। প্রথম বল ডট দেওয়া বাঁহাতি স্পিনারের পরের দুই ডেলিভারিতে চার মারেন উদারা ইগালাগামাগে।

শোধ নিতে দেরি করেননি সাকিব। জোরের ওপর করা ডেলিভারি ব্যাকফুটে গিয়ে পুল করার চেষ্টায় ব্যর্থ হন উদারা। তার পায়ে লেগে বল ছোবল দেয় লেগ স্টাম্পে। শেষ দুই বলে এক রান দেন সাকিব।

এরপর অষ্টম ওভার করতে এসে প্রথম বলেই উল্লাসে মাতান দলকে। এবার তার বলে বোল্ড হন অভিজ্ঞ কুসাল পেরেরা। ওভারের তৃতীয় বলে সোজা ব্যাটে সাইট-স্ক্রিনে উড়িয়ে ফেলেন পাওয়ান সান্দেশ। এই ওভারেও ৯ রান দেন সাকিব।

নিজের তৃতীয় ওভারটি করতে এসে দারুণ বোলিং করেন সাকিব। এবার আর কোনো বাউন্ডারি হজম করেননি তিনি। তার করা পঞ্চদশ ওভারে স্রেফ পাঁচটি সিঙ্গল নিতে পারেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ভিজায় শাঙ্কার।

কিন্তু কোটার শেষ ওভার করতে আসা সাকিবের ওপর ঝড় বইয়ে দেন হাসারাঙ্গা। প্রথম পাঁচ বলে মারেন তিনটি ছক্কা, শেষ দুটি আবার পরপর দুই বলে। প্রথমটি বোলারের মাথার ওপর দিয়ে ওড়ান হাসারাঙ্গা, পরের দুটি স্লগ সুইপে লেগ সাইড দিয়ে। ওভার শেষ বলে আরেকটি ছক্কার চেষ্টায় ডিপ মিডউইকেট ধরা পড়েন হাসারাঙ্গা।

ম্যাচের ফল তখনও নিশ্চিত ছিল না। শেষ তিন ওভারে ক্যান্ডির প্রয়োজন ছিল ৩৫ রান। পরের দুই ওভারে দুই উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ১৩ রান। শেষ ওভারে ২২ রানের সমীকরণে অবিশ্বাস্যভাবে কোনো রান নিতে পারেননি শাঙ্কার। সাবেক ভারতীয় ক্রিকেটার পরে শেষ বলে ফিরে যান ক্যাচ দিয়ে। তিনটি চারে ২১ বলে ২৫ রান করেন তিনি।