Published : 17 Dec 2025, 08:17 AM
নিলামে মুস্তাফিজুর রহমানকে দলে পাওয়ার পরই কলকাতা নাইট রাইডার্সের ফেইসবুক পাতায় একটি ছবি পোস্ট করা হয়। হাসিমুখে বিরিয়ানি খাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। প্রযুক্তির মাধ্যমে তৈরি হলেও ছবিটি খুব মানিয়ে যায় বাস্তবের সঙ্গে। কলকাতার সঙ্গে বিরিয়ানির একটা সংযোগ তো আছেই। আর আইপিএলে রেকর্ড পারিশ্রমিকে দল পাওয়ার পর মুস্তাফিজের মুখের হাসি চওড়াই হওয়ার কথা দারুণ!
এমনিতে অবশ্য মুস্তাফিজকে দেখে বা তার কথা শুনে ভেতরের ছবিটা আন্দাজ করা কঠিন। বরাবরই তিনি নির্লিপ্ত ঘরানার মানুষ। উচ্ছ্বাস বা হতাশা- তার প্রতিক্রিয়া বা শরীরী ভাষা থেকে কোনোটিই খুব একটা বোঝা যায় না কখনও। আইপিএলের নিলামে ঝড় তোলার পরও তার প্রতিক্রিয়া তেমনই। কলকাতার ফেইসবুক পাতায় ছোট্ট ভিডিওতে তিনি বললেন, “আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। দেখা হবে শিগগিরই।”
মুস্তাফিজের নিজের ফেইসবুক পাতার প্রতিক্রিয়াও যথারীতি ছোট্ট। কলকাতার জার্সির রঙ ও দলীয় রঙ বেগুনির সঙ্গে মিলিয়ে তিনি লিখেছেন, “স্বপ্ন দেখছি বেগুনিতে। রোমাঞ্চিত এবং তর সইছে না বেগুনি পরিবারে যোগ দিতে।”
তার এমন নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া প্রত্যাশিতই। তবে অনেককেই চমকে দিয়েছে তার পারিশ্রমিক। তার যত অভিজ্ঞতা ও বেশ কিছু দিন ধরেই যেমন ফর্ম, তাতে এবারের আইপিএলে তাকে নিয়ে বেশ আগ্রহ থাকবে বলে ধারণা করা হচ্ছিলই। তবে ৯ কোটি ২০ লাখ রুপি হয়তো অনেকের ভাবনার সীমানায় ছিল না।
শুরুতে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই, পরে কলকাতার যোগ দেওয়া, সব মিলিয়ে দলগুলির টানাটানিতে ফুলে উঠতে থাকল মুস্তাফিজের ব্যাংক ব্যালান্স। ১৬ বছর আগে কলকাতার হয়েই মাশরাফি বিন মুর্তজার ৪ লাখ ডলার পেরিয়ে, গত বছর দিল্লির হয়ে তার নিজের ৬ কোটি রুপি পেরিয়ে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের পারিশ্রমিক পৌঁছে গেল নতুন উচ্চতায়।
আইপিএলে এবার নবম মৌসুম হবে মুস্তাফিজের। তবে কলকাতায় খেলবেন প্রথমবার, যে দলের হয়ে দুবার আইপিএল শিরোপার স্বাদ পেয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
আইপিএলে ৯ মৌসুমের ৭টিতেই কলকাতায় ছিলেন সাকিব। এবার তিনি নিলামে নাম নিবন্ধন করলেও জায়গা পাননি সংক্ষিপ্ত তালিকায়।